বিশেষ: আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করেন কি না? উত্তরে যা জানিয়েছিলেন এই মহান জ্ঞানী

১৯৫০ সালে ধর্ম বিষয়ের শিক্ষিকা মার্থা মাঙ্কের একটি চিঠির উত্তর দিয়েছিলেন বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন। সেই চিঠিতে মার্থা জানতে চেয়েছিলেন, আইনস্টাইন ঈশ্বরে বিশ্বাস করেন কি না। সম্প্রতি সেই ঐতিহাসিক চিঠিটি নিলামে তুলেছে আমেরিকান সই সংগ্রহকারী সংস্থা ‘দ্য র‌্যাব কালেকশন’, যার প্রাথমিক মূল্য ধরা হয়েছে ১ লক্ষ ২৫ হাজার ডলার।

এতদিন মার্থা মাঙ্কের এক উত্তরসূরির কাছে সযত্নে রাখা ছিল এই অমূল্য দলিলটি। মার্থার প্রশ্নের জবাবে আইনস্টাইন লিখেছিলেন, “ধর্মগ্রন্থে লেখা গল্পগুলোকে যতদিন আক্ষরিক অর্থে গ্রহণ করা হবে, ততদিন সাধারণ মানুষের বিশ্বাস কী হবে তা বোঝা সহজ।”

তিনি আরও ব্যাখ্যা করে লেখেন, “যদি আপনি ধর্মগ্রন্থকে প্রতীকীভাবে ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু আর এটা স্পষ্ট নয় যে ঈশ্বরকে কোনো মানুষ হিসেবে কল্পনা করা হয়েছিল কি না।” আইনস্টাইন আরও যোগ করেন, এমন পরিস্থিতিতে বিশ্বাসের ভিত্তি কতটা থাকে তা বোঝা কঠিন।

আইনস্টাইন তাঁর চিঠিতে বিজ্ঞানমনস্ক মানুষের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন। তিনি বলেন, একজন বিজ্ঞানমনস্ক মানুষ সবসময় সবকিছুতে বিজ্ঞানের যুক্তি খোঁজেন, তাই মহাবিশ্বের সৃষ্টির পেছনে ধর্মের ব্যাখ্যা তার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। আইনস্টাইনের এই চিঠিটি তার ব্যক্তিগত বিশ্বাস এবং বিজ্ঞান ও ধর্মের মধ্যেকার সম্পর্ক নিয়ে তার গভীর চিন্তাভাবনার একটি বিরল দৃষ্টান্ত।