‘আগে নায়ক হোন, তারপর চা খাবেন’, দেবকে বলেছিলেন এক টেকনিশিয়ান! ২০ বছর পর সেই অজানা গল্প ফাঁস

দেব মানেই যেন এক উৎসব। শনিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁর চলচ্চিত্র জীবনের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সেই উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে শুধু তাঁর সহ-অভিনেত্রীরাই নন, বরং প্রথম জীবনের সহকর্মী, কলাকুশলী, টেকনিশিয়ান ও প্রযোজকরাও উপস্থিত ছিলেন। প্রত্যেকেই তাঁদের প্রিয় দেবকে নিয়ে নানা মজার ও অজানা স্মৃতি ভাগ করে নেন।

এই মঞ্চেই উঠে আসে এক পুরনো দিনের গল্প। হারু নামে এক টেকনিশিয়ান, যিনি দেবের সঙ্গে তাঁর প্রথম সিনেমা ‘অগ্নিশপথ’ (২০০৫) থেকে কাজ করছেন, তিনি শোনালেন এক অজানা কাহিনি। হারু জানান, সেই সময়ে দেব শিয়ালদহের একটি মেসে থাকতেন। বাসে করে ট্রাম ডিপোতে নামতেন এবং সেখান থেকে পায়ে হেঁটেই শ্যুটিং ফ্লোরে আসতেন। সেই সময় দেবের ঘন ঘন চা খাওয়ার অভ্যাস ছিল। তপন নামে এক চা-বিক্রেতা তাঁদের চা দিত। একদিন দেব বারবার চা চাওয়ায় তপন রেগে গিয়ে দেবকে বলেছিলেন, “এই শোনো, আগে নায়ক হবে, তারপরে চা খাবে।” সেদিন দেব কিছু না বলে চলে গিয়েছিলেন।

এর প্রায় বছরখানেক পর, ২০০৬ সালে ‘আই লাভ ইউ’ এবং তারপর ‘মন মানে না’ ছবি করার পর দেব যখন খ্যাতি লাভ করেন, তখন ভেঙ্কটেশ ফিল্মসের অফিসে আবার সেই তপনের সঙ্গে তাঁর দেখা হয়। তপনকে দেখেই দেব ডেকে বলেছিলেন, “তপনদা, আমি কিন্তু এখন হিরো হয়ে গিয়েছি।”

অনুষ্ঠানে দেবের বাবা, মা এবং বোনও উপস্থিত ছিলেন। তাঁরাও দেবকে নিয়ে তাঁদের আবেগঘন অনুভূতি ভাগ করে নেন। দেবের বোন জানান, তিনি কোনোদিন দাদার পরিচয়ে কোনো সুবিধা নেননি। একবার বিদেশে শ্যুটিং দেখতে গিয়ে এক ব্যক্তি তাঁকে দেবের বোন কি না জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করে নিজেকে একজন সাধারণ দর্শক হিসেবে পরিচয় দেন।