চারু মার্কেটে প্রকাশ্যে শুটআউট! জিমে ঢুকে পরপর গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা

মহালয়ার পুণ্যলগ্নেও থমকে রইল না দুষ্কৃতীদের দৌরাত্ম্য। রবিবার দুপুরে দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকার একটি জিমে ঢুকে গুলি চালাল দুষ্কৃতীরা। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। উৎসবের মরসুমে শহরের এমন ব্যস্ত এলাকায় ভরদুপুরে শ্যুটআউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে চারু মার্কেট থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১২টা থেকে পৌনে ১টা নাগাদ দেশপ্রাণ শাসমল রোডের ওই জিমে হঠাৎই দুই যুবক প্রবেশ করে। তারা সরাসরি রিসেপশনে গিয়ে জিমের মালিকের খোঁজ করে। ফ্রন্ট ডেস্কে থাকা কর্মী মালিককে ডাকার জন্য ভিতরে গেলে, ওই দুই যুবক পরপর দু’রাউন্ড গুলি চালায়।
গুলি চালানোর পরই তারা দ্রুত জিম থেকে বেরিয়ে যায়। জিমের মালিকের দাদা সংবাদমাধ্যমকে জানান, জিমে ঢোকার আগেই তারা রাস্তার ধারে দুটি বাইক রেখে এসেছিল। গুলি চালানোর পর ওই বাইকেই চেপে দুষ্কৃতীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় এবং দুষ্কৃতীদের পরিচয়ও জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, জিমের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্ত কিছুটা জটিল হচ্ছে। তবে, পুলিশ আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে দুষ্কৃতীদের চিহ্নিত করার জন্য। মহালয়ার দিনে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত।