শুটিং ফ্লোরে বড় দুর্ঘটনা! গুরুতর আহত জুনিয়র এনটিআর, কেমন আছেন অভিনেতা?

হায়দরাবাদের একটি স্টুডিওতে বিজ্ঞাপনের শুটিং চলাকালীন আহত হলেন তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তার ভক্তদের মধ্যে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। এনটিআরের টিম একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায় যে, অভিনেতা সামান্য আঘাত পেয়েছেন এবং চিকিৎসকের পরামর্শে এখন কিছুদিনের জন্য বিশ্রামে থাকবেন। তবে তার আঘাত সম্পূর্ণ সেরে উঠতে কতটা সময় লাগবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি, ফলে ভক্তদের উৎকণ্ঠা এখনো কাটেনি। সোশ্যাল মিডিয়ায় তার দ্রুত আরোগ্য কামনা করে অসংখ্য শুভেচ্ছাবার্তা আসছে।
সম্প্রতি তার চেহারা পরিবর্তন নিয়েও ভক্তদের মধ্যে নানা আলোচনা হয়েছিল। অনেকে ভেবেছিলেন অসুস্থতার কারণে তিনি ওজন কমিয়েছেন, কিন্তু পরে জানা যায় যে এটি তার আসন্ন ছবির চরিত্রের প্রয়োজনে করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তার টিম ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছে যে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং কোনো ধরনের গুজবে কান না দিতে অনুরোধ করেছে।
শুধু সিনেমার জগতেই নয়, কূটনৈতিক ক্ষেত্রেও সম্প্রতি জুনিয়র এনটিআরের উপস্থিতি বেশ নজর কেড়েছে। মার্কিন কনসাল জেনারেল লরা উইলিয়ামস হায়দরাবাদ সফরে তার সঙ্গে দেখা করেন। বৈঠকের ছবি শেয়ার করে তিনি লেখেন যে, এনটিআরের মার্কিন প্রজেক্টগুলো ভারত-মার্কিন সম্পর্ক এবং শিল্প সহযোগিতা আরও শক্তিশালী করছে।
কর্মজীবনের দিকে তাকালে দেখা যায়, সর্বশেষ তিনি হৃতিক রোশনের বিপরীতে ‘ওয়ার ২’-এ অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে তার বড় বাজেটের ছবি ‘এনটিআরনীল’-এর কাজ করছেন, যা আগামী বছর জুন মাসে মুক্তি পাবে।