Recipe: নিরামিষ ভোজে আনুন ভিন্ন স্বাদ, পুজোয় ঝটপট বানিয়ে ফেলুন ‘পনির সালান’, রইল সহজ রেসিপি

আসন্ন দুর্গাপূজা মানেই ভোজনরসিক বাঙালির কাছে জমিয়ে পেটপুজোর আয়োজন। এবার উৎসবের দিনগুলোতে মা-কাকিমাদের রান্নাঘরের চিন্তা দূর করতে রইল একটি বিশেষ নিরামিষ পদের রেসিপি— পনির সালান। অষ্টমীর দিনে পোলাও বা লুচির সঙ্গে এই পদটি তৈরি করে সহজেই চমক দিতে পারেন। খুব অল্প সময়ে তৈরি করা যায় এমন এই রেসিপিটি আপনার পুজোর মেনুকে আরও আকর্ষণীয় করে তুলবে।

উপকরণ:
পনির: ৪০০-৫০০ গ্রাম

পেঁয়াজ: আধাটা (বড়)

হ্যালাপিনো: ৪টি (বড়)

জিরে গুঁড়ো: ১/২ চা-চামচ

তিল: ৩ চামচ

সর্ষে গুঁড়ো: ১/২ চামচ

লঙ্কা গুঁড়ো: ১ চামচ

শুকনো নারকেল: ১/৪ কাপ

কালোজিরে: ১/২ চা-চামচ

তেঁতুল বাটা: ২ চামচ

সাদা তেল: ২ চামচ

নুন: স্বাদমতো

চিনি: স্বাদমতো

কারিপাতা: কয়েকটি

শুকনো লঙ্কা: কয়েকটি

বাদাম: ১/৩ কাপ

প্রস্তুত প্রণালী:
১. প্রথমে পনির ছোট ছোট করে কেটে নিন। একটি কড়াইতে বাদাম, তিল ও নারকেল শুকনো করে ভেজে নিন এবং ঠাণ্ডা হতে দিন।
২. হ্যালাপিনোগুলোয় তেল মাখিয়ে কাঁটা চামচে আটকে সরাসরি আগুনে গ্রিল করে নিন যতক্ষণ না ওপরের অংশ পুড়ে যায়। ঠাণ্ডা হলে খোসা ছাড়িয়ে নিন।
৩. কড়াইতে তেল গরম করে পনিরের টুকরোগুলো বাদামী করে ভেজে নিন।
৪. এরপর ভেজে রাখা বাদাম, তিল, নারকেল, পরিমাণমতো লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে ভালো করে নাড়ুন।
৫. অন্য একটি প্যানে তেল গরম করে সর্ষে, জিরে ও কালোজিরা ঢালুন। তারপর তেঁতুল বাটা ও কারিপাতা দিয়ে দিন।
৬. একটু নেড়েচেড়ে ৩/৪ কাপ জল মেশান। এরপর পরিমাণমতো নুন ও চিনি দিন।
৭. সবশেষে এই মিশ্রণটি পনির এবং গ্রিল করা হ্যালাপিনোর মধ্যে মিশিয়ে নিন। উপর থেকে কাঁচা লঙ্কা সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।