মায়ের নামে উৎসর্গ করে কদম গাছ রোপণ করলেন মোদী, কেন এই উপহার দিলেন ব্রিটিশ রাজা?

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে একটি বিশেষ উপহার পাঠিয়েছিলেন—একটি কদম গাছের চারা। শুক্রবার সেই চারাটি প্রধানমন্ত্রী তার ৭, লোক কল্যাণ মার্গের সরকারি বাসভবনে রোপণ করেছেন। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই কদম গাছটি ভারত ও ব্রিটেনের মধ্যে বন্ধুত্বের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দুই দেশের যৌথ অঙ্গীকারের প্রতীক।
ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রধানমন্ত্রী নিজে হাতে কদম গাছটি রোপণ করছেন। বিজেপি তাদের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এই ভিডিও শেয়ার করেছে। ব্রিটিশ হাইকমিশনও তাদের পোস্টে জানিয়েছে, এই উপহারটি কেবল একটি গাছ নয়, এটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ বার্তা। প্রধানমন্ত্রী এই কদম গাছটি তার প্রয়াত মায়ের নামে উৎসর্গ করেছেন।
ব্রিটিশ হাইকমিশন আরও জানিয়েছে যে, এই পারস্পরিক উপহারের আদান-প্রদান দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। বিশেষত জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং পরিচ্ছন্ন জ্বালানি সংক্রান্ত বিষয়ে এই সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে, গত জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদী ব্রিটেন সফরে গিয়ে রাজা চার্লসকে একটি ‘সোনোমা’ গাছ উপহার দিয়েছিলেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মোদীর বিশেষ উদ্যোগ ‘এক পেড় মা কে নাম’-এর অধীনে এ বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক ৮০ কোটি চারা গাছ লাগানোর লক্ষ্যমাত্রা পূরণ করেছে, যা নির্ধারিত সময়ের ৫ দিন আগেই সম্ভব হয়েছে।