“রাতে CCTV বন্ধ করে, স্কুলে ঢুকে পড়ছে যুবক-যুবতীরা”- ধৃত যুগল, সাসপেন্ড নৈশপ্রহরী

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাদামাইল লক্ষ্মী প্রতাপ উচ্চ বিদ্যালয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাতের অন্ধকারে বিদ্যুৎ ও সিসিটিভি ক্যামেরা বন্ধ করে একদল যুবক-যুবতী স্কুলের ভেতরে প্রবেশ করে অশালীন কাজ করছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে স্থানীয়রা এক যুগলকে স্কুলের ভেতরে ঢুকতে দেখে হাতেনাতে ধরার চেষ্টা করলে তারা পেছনের গেট দিয়ে পালিয়ে যায়। এরপর থেকেই গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। বুধবার সকালে এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান এলাকাবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ধরনের ঘটনা ঘটছিল।

এই ঘটনার জন্য স্কুলের বয়স্ক নৈশপ্রহরী কানু দেবনাথের দিকে অভিযোগের আঙুল উঠেছে। অভিযোগ, তিনি নিয়মিত বাইরের লোকজনকে স্কুলে প্রবেশের সুযোগ করে দিচ্ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে নৈশপ্রহরীকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। প্রধান শিক্ষক অসিত বরণ লাহিড়ী জানান, তিনি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছেন। তাতে দেখা যায়, মঙ্গলবার রাতে ৯টা ২১ মিনিট থেকে ৯টা ২৬ মিনিট পর্যন্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল, আর এই সময়েই ওই যুগল স্কুলে প্রবেশ করে। নৈশপ্রহরী নিজেই সিসিটিভি বন্ধ করার কথা স্বীকার করেছেন, যা এই ঘটনায় তার জড়িত থাকার ইঙ্গিত দিচ্ছে।

এই চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে আসার পরেও স্কুল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, নৈশপ্রহরীর বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।