সাড়ে তিন আঙুল নিয়ে জয় করলেন NEET! অবশেষে ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ মালদহের প্রশান্তর, কী ছিল তাঁর গল্প?

পোলিও রোগে জন্মগতভাবে হাতের আঙুল অসম্পূর্ণ, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশছোঁয়া। সাড়ে তিন আঙুল নিয়েই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় (NEET) নজরকাড়া ফল করে ডাক্তার হওয়ার পথে এক ধাপ এগিয়েছিলেন প্রশান্ত মণ্ডল। তবে তার সেই স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায় শারীরিক অক্ষমতা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে সেই বাধা দূর হলো। উচ্চ আদালতের রায়ে ডাক্তার হওয়ার সুযোগ পেলেন মালদহের বৈষ্ণবনগরের এই লড়াকু যুবক।
নিট পরীক্ষায় সফল হওয়ার পর ভেরিফিকেশনের জন্য প্রশান্তকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ডাকা হয়। সেখানে তার অসম্পূর্ণ হাতের কারণে তাকে ডাক্তারি পড়ার জন্য অযোগ্য ঘোষণা করা হয়। বলা হয়, তার হাতে স্বাভাবিকভাবে ছুরি-কাঁচি ধরার ক্ষমতা নেই। এই সিদ্ধান্তে হতাশ হলেও ভেঙে পড়েননি প্রশান্ত।
এসএসকেএমের এই রায়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রশান্ত উচ্চ আদালতের দ্বারস্থ হন। আদালত তাকে মুম্বাই এইমসে শারীরিক পরীক্ষার নির্দেশ দেয়। মুম্বাই এইমস থেকে অবশেষে ডাক্তারি পড়ার জন্য ছাড়পত্র পান প্রশান্ত। এই রায় তার দীর্ঘদিনের স্বপ্নকে আবার নতুন করে জীবন্ত করে তোলে।
মুম্বাই এইমসের ছাড়পত্র পাওয়ার পর প্রশান্ত তার দ্বিতীয় ধাপের ভেরিফিকেশনের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। সেখানকার অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় তার সমস্ত নথি যাচাই করে দেখেন। তিনি জানান, জাতি শংসাপত্রে সামান্য কিছু ভুল রয়েছে, যা সংশোধন করা হবে। এরপর তাকে পুনরায় ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে।
পরিবারের আর্থিক অনটনের মধ্যেও প্রশান্ত তার স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে গেছেন। তার এই জয়ের পর পরিবারের সদস্যরা তাকে ডাক্তার হিসেবে দেখতে পাওয়ার নতুন করে স্বপ্ন বুনছেন। প্রশান্তর এই অদম্য লড়াই এবং সাফল্য বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।