শুক্রবার নয়, বৃহস্পতিবারই মারা গিয়েছিলেন জুবিন? আসল খবর কেন গোপন রাখা হয়েছিল?

কিংবদন্তি অসমীয়া গায়ক জুবিন গার্গের আকস্মিক মৃত্যুতে শোকাহত রাজ্য। তবে তাঁর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে ভিন্ন ভিন্ন তথ্য, যা রহস্য আরও ঘনীভূত করছে। একদিকে যখন বলা হচ্ছে, তিনি শুক্রবার মারা গেছেন, তখন অন্য একটি সূত্র দাবি করছে, বৃহস্পতিবারই তাঁর মৃত্যু হয়েছিল।

স্ত্রী: জুবিনের স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, স্কুবা ডাইভিংয়ের সময় নয়, বরং সাঁতার কাটার সময় খিঁচুনি হওয়ায় তাঁর পেটে জল ঢুকে যায়, যার ফলে তাঁর মৃত্যু হয়।

উৎসব কর্তৃপক্ষ: উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় অসমীয়া সমাজের অগোচরে জুবিনকে ইয়টে করে নিয়ে যাওয়া হয়েছিল, আর সেই সময়ই তাঁর মৃত্যু ঘটে।

অজ্ঞাত সূত্র: একাংশের দাবি, জুবিনকে বৃহস্পতিবারই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। খবরটি গোপন রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

এইসব ভিন্ন তথ্যের কারণে এক আইনজীবী উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল অবশ্য শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে জুবিনের মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

জুবিন গার্গের অকালপ্রয়াণে গোটা অসম রাজ্য শোকে স্তব্ধ। শিল্পীর প্রতি সম্মান জানাতে এবং শোক পালনের জন্য শনিবার ২০ সেপ্টেম্বরের সমস্ত স্কুল পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী রানোজ পেগু এক নির্দেশিকায় সকল জেলার স্কুল ইন্সপেক্টরদের এই পরীক্ষা পেছানোর নির্দেশ দিয়েছেন।