পরপর ভূমিকম্পে কাঁপছে রাশিয়া! এবার কামচাটকায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, জারি হলো সুনামি সতর্কতা

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮, যা ওই অঞ্চলের রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি-তে তীব্রভাবে অনুভূত হয়। এই শক্তিশালী ভূমিকম্পের জেরে প্রশাসন ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে ১২৮ কিলোমিটার পূর্বে এবং মাটির ১০ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর পর পর পাঁচটি আফটারশকও অনুভূত হয়েছে। রাশিয়ার সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওগুলোতে বাড়িঘরের কম্পন এবং রাস্তায় পার্ক করা গাড়ির দুলতে থাকার ছবি দেখা গেছে, যা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
আমেরিকার জাতীয় আবহাওয়া দফতর নিকটবর্তী উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করেছে। গভর্নর ভ্লাদিমির সোলোদভ সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন এবং বলেছেন, “এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর নেই। উপদ্বীপের পূর্ব উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে, জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।”
উল্লেখ্য, কামচাটকা উপদ্বীপটি ‘রিং অফ ফায়ার’ নামক একটি টেকটনিক বেল্টে অবস্থিত, যা প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশকে ঘিরে রেখেছে এবং এটি ভূমিকম্পের জন্য একটি হটস্পট। গত জুলাই মাসেও এই অঞ্চলে ৮.৮ মাত্রার একটি বিশাল ভূমিকম্পের কারণে সুনামি হয়েছিল, যার ফলে একটি উপকূলীয় গ্রামের কিছু অংশ সমুদ্রে ভেসে গিয়েছিল। গত শনিবারও কামচাটকা এলাকায় ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।