পদ্মার ইলিশ কি শুধুই উচ্চবিত্তের পাতে? পুজোয় চড়া দামে আমজনতার নাগালের বাইরে সুস্বাদু এই মাছ, দাম কত?

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর এই উৎসবে ইলিশ পাতে না থাকলে কি চলে? কিন্তু এবার পুজোর আগে ইলিশের দাম শুনে মধ্যবিত্ত বাঙালির কপালে চিন্তার ভাঁজ। বিশেষ করে পদ্মার ইলিশের দাম এতটাই চড়া যে তা সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে।
হাওড়ার মাছের আড়তের ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার ভারত-এ বাংলাদেশের পদ্মার ইলিশের আমদানি খুবই কম। বৃহস্পতিবার মাত্র ৫০ মেট্রিক টন ইলিশ সীমান্ত পেরিয়ে হাওড়ার বাজারে এসেছে। এর বেশিরভাগেরই ওজন ৮০০ গ্রাম থেকে ১.৫ কিলোগ্রাম, যদিও কিছু ২ কিলোগ্রাম পর্যন্তও আছে।
দাম কেন এত বেশি?
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় নিলামে ইলিশের দাম হু হু করে বাড়ছে। পাইকারি বাজারে প্রতি কিলোগ্রাম ইলিশ ১৬০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরো বাজারে এর দাম গিয়ে দাঁড়াচ্ছে ২ থেকে ২.৫ হাজার টাকা। ফলে, এই বছর পদ্মার ইলিশের ক্রেতা মূলত উচ্চবিত্তেরাই।
কীভাবে চিনবেন পদ্মার ইলিশ?
মাছ ব্যবসায়ীরা পদ্মার ইলিশ চেনার কিছু সহজ উপায় বাতলেছেন। তাদের মতে, পদ্মার ইলিশের মাথা সাধারণত ছোট হয়, আর পেটের দিকটা হয় চওড়া। এই ধরনের ইলিশ দেখতে বেশ নাদুসনুদুস হয়। এই বৈশিষ্ট্যগুলো দেখলেই আপনি বুঝে যাবেন এটি পদ্মার ইলিশ।
ইলিশের এই অগ্নিমূল্য কি পুজোর আনন্দকে ম্লান করবে? নাকি বাঙালি তার প্রিয় মাছের জন্য আরেকটু বেশি খরচ করতে রাজি হবে, তা জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে।