RS ভাইরাসে আক্রান্ত শিশুদের ভিড় হাসপাতালে, কীভাবে বুঝবেন আপনার সন্তানও আক্রান্ত

শহরে শিশুদের মধ্যে রেসপিরেটরি সিনসাইটিয়াল (RS) ভাইরাসের সংক্রমণ বাড়ছে। ইতিমধ্যেই কলকাতা শহরের বিভিন্ন হাসপাতালে এই ভাইরাসে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে। এই পরিস্থিতিতে শিশুদের অভিভাবকদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এবিপি আনন্দ-এর এক সাক্ষাৎকারে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন চিকিৎসক প্রভাসপ্রসূণ গিরি।
চিকিৎসক গিরি বলেন, “ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ভাইরাসের প্রথম লক্ষণ হলো সর্দি, কাশি এবং জ্বর। তবে যাদের বয়স এক বছরের নিচে, তাদের ক্ষেত্রে পরিস্থিতি বেশি গুরুতর হতে পারে। তাদের হালকা জ্বর থাকলেও প্রধানত শ্বাসকষ্টই বেশি দেখা যায়।”
কীভাবে বুঝবেন আপনার শিশু আক্রান্ত?
চিকিৎসক প্রভাসপ্রসূণ গিরি বলেন, “যদি দেখেন আপনার ছোট শিশুর বুক বারবার ওঠানামা করছে, এবং শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে বুঝতে হবে সে আক্রান্ত। এমন পরিস্থিতিতে খুব দ্রুত শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে।”
তিনি অভিভাবকদের আরও সতর্ক করে বলেন, বাড়িতে শ্বাসকষ্টের কোনো লক্ষণ দেখতে পেলে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। সময় মতো চিকিৎসা না হলে শিশুদের শারীরিক অবস্থার অবনতি হতে পারে।