“অভিযুক্তদের বাঁচাতেই তদন্ত NIA-র?”- প্রজ্ঞা ঠাকুর-সহ ৭ অভিযুক্তকে নোটিশ বম্বে হাইকোর্টের!

২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর এবং লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিত-সহ সাতজন অভিযুক্তকে খালাস করে বিশেষ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে আবেদন করেছেন নিহতদের আত্মীয়রা। সেই আবেদনের প্রেক্ষিতে বম্বে হাইকোর্ট জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং খালাসপ্রাপ্ত সকল অভিযুক্তকে নোটিশ পাঠিয়েছে।
মঙ্গলবার বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি চন্দ্রশেখরের ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছিল, বিশেষ আদালতে শুনানির সময় আবেদনকারীদের কি সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল? বৃহস্পতিবার আবেদনকারীদের আইনজীবী আদালতকে জানান, তাদের মধ্যে একজন বিচারে হস্তক্ষেপকারী ছিলেন এবং আরও চারজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর পরেই হাইকোর্ট খালাসপ্রাপ্ত অভিযুক্তদের এবং এনআইএকে নোটিশ জারি করে। এই মামলার পরবর্তী শুনানি ছয় সপ্তাহ পরে হবে।
আবেদনকারীরা বম্বে হাইকোর্টে ৩১ জুলাইয়ের বিশেষ আদালতের রায় বাতিল করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার নির্দেশ চেয়েছেন। তাদের অভিযোগ, এই মামলার তদন্ত এনআইএকে দেওয়া হয়েছিল শুধুমাত্র মামলাটিকে দুর্বল করে দেওয়ার জন্য এবং অভিযুক্তদের সুবিধা করে দেওয়ার জন্য। এই মামলার তদন্তকারী সংস্থা এনআইএ এখনও পর্যন্ত বিশেষ আদালতের রায়কে হাইকোর্টে চ্যালেঞ্জ জানায়নি।