“সব ধর্মকেই আমি সম্মান করি”-বিতর্কিত মন্তব্যের পর সুর নরম প্রধান বিচারপতির

খাজুরাহোতে বিষ্ণু মূর্তি সংক্রান্ত মামলায় ‘যান, ভগবানকে গিয়ে বলুন’— সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গভাইয়ের এমন মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। তার এই মন্তব্যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে অভিযোগ উঠেছে। এই বিতর্কের পরই বৃহস্পতিবার প্রধান বিচারপতি বলেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি সব ধর্মকে সম্মান করি। আমার এক পরিচিত আমাকে জানিয়েছে, আমার মন্তব্যকে সোশ্যাল মিডিয়ায় ভুলভাবে পেশ করা হচ্ছে।’ এ প্রসঙ্গে সলিসিটর জেনারেল জি তুষার মেহতাও জানান, সোশ্যাল মিডিয়ায় প্রতিটি ঘটনার ‘অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া’ হয়।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার, যখন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দিরে ভগবান বিষ্ণুর সাত ফুট উঁচু মূর্তি পুনর্নির্মাণ এবং পুনরায় তা বসানোর আবেদন খারিজ করে দেয়। আবেদনকারী রাকেশ দালাল খাজুরাহো মন্দির কমপ্লেক্সের জাভারি মন্দিরে ওই মূর্তি স্থাপনের নির্দেশ চেয়েছিলেন। প্রধান বিচারপতি বলেন, ‘এটি সম্পূর্ণরূপে জনসাধারণের স্বার্থের মামলা। যান এবং দেবতাকে কিছু করতে বলুন। যদি আপনি ভগবান বিষ্ণুর একজন ভক্ত হন, তাহলে আপনি প্রার্থনা করুন এবং ধ্যান করুন।’ তিনি আরও বলেন, ‘যদি আপনি শৈবধর্মের প্রতি বিরূপ না হন, তাহলে সেখানে গিয়ে পুজো করতে পারেন। সেখানে শিবের একটি বড় লিঙ্গ রয়েছে।’

এরপরই শীর্ষ আদালত আবেদনটি খারিজ করে দেয়। আদালত জানায়, এটি সম্পূর্ণরূপে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে এবং তারা অনুমতি দিলেই এই কাজ করা সম্ভব। তবে এই মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রধান বিচারপতির বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। বিতর্ক চলাকালীন তিনি নেপালে সম্প্রতি ঘটে যাওয়া অভ্যুত্থানের কথাও টেনে আনেন।