‘বিয়ে করব’ বলে প্রেমিকাকে ডেকে পুড়িয়ে ‘হত্যা’, ভারতে মার্কিন মহিলা খুনে তোলপাড়

প্রেমের টানে ভারতে এসে নির্মম পরিণতির শিকার হয়েছেন ৭১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। চলতি বছরের জুলাই মাসে তাঁকে খুন করে পুড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে। রূপিন্দর কৌর পান্ধের নামের ওই মহিলা তাঁর প্রেমিক চরণজিৎ সিং গ্রেওয়ালের (৭৫) সঙ্গে বিয়ে করার উদ্দেশ্যে যুক্তরাজ্য থেকে ভারতে এসেছিলেন। দুজনের পরিচয় পুরোনো হলেও সম্প্রতি তা প্রেমের রূপ নেয়। রূপিন্দর নতুন করে সংসার পাতার স্বপ্ন দেখছিলেন, কিন্তু তার সেই স্বপ্ন নৃশংসভাবে ভেঙে যায়। রূপিন্দরের বোনের দাবি, বিয়ের খরচ বাবদ চরণজিতের অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকাও পাঠিয়েছিলেন তাঁর দিদি।
পুলিশ সূত্রে জানা গেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত চরণজিৎ সিং গ্রেওয়াল। তিনি আসলে পাঞ্জাবের বাসিন্দা হলেও বর্তমানে যুক্তরাজ্যের নাগরিক। পুলিশের ধারণা, টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরেই তিনি রূপিন্দরকে খুনের পরিকল্পনা করেন। তদন্তে আরও জানা গেছে, চরণজিৎ রূপিন্দরকে পাঞ্জাবে ডেকে পাঠান এবং সুখজিৎ সিং সোনো নামে এক ব্যক্তিকে রূপিন্দরকে খুন করার দায়িত্ব দেন। এর জন্য তিনি সুখজিৎকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেন। খুনের পর চরণজিৎ রূপিন্দরের কাছ থেকে আরও টাকা আদায়ের চেষ্টা করছিলেন।
রূপিন্দর কৌর পান্ধেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সুখজিৎ সিং সোনুকে গ্রেপ্তার করেছে। তবে মূল অভিযুক্ত চরণজিৎ সিং এখনও পলাতক। পুলিশ তাকেও এই মামলার প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। সুখজিৎকে জিজ্ঞাসাবাদ করে রূপিন্দরের দেহের অবশিষ্টাংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিহত মহিলার বোন কমল কৌর খাইরার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং এই হত্যাকাণ্ডের রহস্য সামনে আসে।