তৃণমূল নেতার বাড়িতে হামলার পর এবার হাসপাতালে তাণ্ডব, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পুলিশকর্মী

শহর কলকাতায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন কলকাতা পুলিশের এক সাব-ইনস্পেক্টর। বুধবার সকালে কলকাতা পুরনিগমের ৯৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহত পুলিশকর্মীর নাম দীনবন্ধু কেশ, তিনি নেতাজিনগর থানার সাব-ইনস্পেক্টর। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, ৯৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপায়ন ঘোষ নামে এক আইনজীবী, যিনি আবার এলাকার যুব তৃণমূল সভাপতি। বৃহস্পতিবার সকালে তার বাড়ির সামনে আট-দশজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে হাজির হয় এবং দীপায়ন ঘোষকে উদ্দেশ্য করে গালিগালাজ ও হুমকি দিতে থাকে।

পুলিশের উপর হামলা ও হাসপাতালে তাণ্ডব
ঘটনার খবর পেয়ে নেতাজিনগর থানার সাব-ইনস্পেক্টর দীনবন্ধু কেশ কয়েকজন পুলিশকর্মীকে নিয়ে ঘটনাস্থলে যান। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেই দুষ্কৃতীরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। দুষ্কৃতীদের দলে কয়েকজন মহিলাও ছিলেন, যারা পুলিশের কাজে বাধা দেন।

আহত দীনবন্ধুকে উদ্ধার করে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, দুষ্কৃতীদের মূল পান্ডা জয়ন্ত ঘোষের নেতৃত্বে সেখানেও হামলা চালানো হয়। জয়ন্ত সার্জিক্যাল কাঁচি দিয়েও ওই সাব-ইনস্পেক্টরকে আঘাত করার চেষ্টা করে। পরে পুলিশ জয়ন্ত ঘোষসহ মোট ছয়জনকে গ্রেফতার করে।

এই ঘটনায় এখনও পর্যন্ত কলকাতা পুলিশের কোনো ঊর্ধ্বতন আধিকারিক মুখ খুলতে রাজি হননি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, তারা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে, এই দুষ্কৃতীরা কারা, কেন তারা পুলিশকর্মীর উপর আক্রমণ করল এবং তৃণমূল নেতার সঙ্গে তাদের কীসের শত্রুতা ছিল। এই প্রশ্নগুলোর উত্তর পেতে জয়ন্ত ঘোষসহ ধৃতদের জেরা করা হচ্ছে। প্রয়োজনে আইনজীবী তথা যুব তৃণমূল নেতা দীপায়ন ঘোষকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।