চালু হতেই লম্বা ‘ওয়েটিং লিস্ট’! পর্যটকদের জন্য চালু হলো কলকাতা-সাইরং এক্সপ্রেস

দুর্গাপূজার আগে পর্যটকদের জন্য এক দারুণ খবর নিয়ে এসেছে পূর্ব রেল। রেলপথে কলকাতার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে মিজোরাম। আজ, ১৮ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে বহু প্রতীক্ষিত কলকাতা-সাইরং এক্সপ্রেস। পুজোর ছুটিতে এই ট্রেনের টিকিট নিয়ে পর্যটকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৩ সেপ্টেম্বর এই নতুন রুটের উদ্বোধন করেন। ট্রেনটি সপ্তাহে তিন দিন — মঙ্গলবার, বুধবার এবং শনিবার — চলাচল করবে।
পর্যটকদের আগ্রহের কারণে টিকিট বুকিংয়ে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে। আইআরসিটিসি-র পোর্টাল অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত প্রায় সব শ্রেণির টিকিটের বুকিং প্রায় শেষ। এমনকি, এখন থেকেই লম্বা হচ্ছে অপেক্ষমান তালিকা বা ‘ওয়েটিং লিস্ট’। রেল কর্মকর্তারা মনে করছেন, এই ট্রেনটি বিশেষ করে পূজার মরসুমে উত্তর-পূর্ব ভারতের পর্যটনকে আরও উৎসাহিত করবে।
কলকাতা-সাইরং এক্সপ্রেস মোট ২২টি কোচ নিয়ে চলাচল করবে। এর মধ্যে রয়েছে ২-টি এসি টু টায়ার, ৫-টি এসি থ্রি টায়ার, ২-টি এসি থ্রি-টায়ার ইকোনমি, ৭-টি স্লিপার ক্লাস এবং ৪-টি জেনারেল সেকেন্ড ক্লাস। ১,৫৩০ কিলোমিটারের এই দীর্ঘ পথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগবে প্রায় ৩১ ঘণ্টা। এই যাত্রাপথে নৈহাটি, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, এবং কামাখ্যা সহ মোট ২৪টি স্টেশনে ট্রেনটি থামবে। ১৩১২৫ কলকাতা-সাইরং এক্সপ্রেস কলকাতা থেকে দুপুর ১২:২৫ মিনিটে ছেড়ে পরের দিন সন্ধ্যা ৭:৪৫ মিনিটে সাইরং পৌঁছবে। অন্যদিকে, ১৩১২৬ সাইরং-কলকাতা এক্সপ্রেস সকাল ৭:১৫ মিনিটে সাইরং থেকে ছেড়ে পরের দিন দুপুর ২:৩০ মিনিটে কলকাতায় পৌঁছবে।