ট্রাম্পের কারণে মার খাচ্ছে চিংড়ির ব্যবসা! ২৫ ,০০০ কোটি টাকা লোকসানের আশঙ্কা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতির কারণে অন্ধ্রপ্রদেশের চিংড়ি রফতানি ব্যবসায় বড়সড় ধাক্কা লেগেছে। ট্রাম্পের চাপানো ৫০ শতাংশ শাস্তিমূলক শুল্কের ফলে চিংড়ি রফতানি প্রায় অর্ধেক কমে গেছে, যার ফলে ২৫ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ব্যবসায়ীদের সহায়তার জন্য কেন্দ্রের কাছে আর্থিক প্যাকেজ ও বিভিন্ন ভর্তুকি দাবি করেছে।
ভারতের সামুদ্রিক মাছ চাষ ও আহরণে অন্ধ্রপ্রদেশ সবচেয়ে এগিয়ে। রাজ্যটি প্রতি বছর ৫০ লক্ষ মেট্রিক টনের বেশি মাছ সরবরাহ করে, যার মধ্যে ৮০ শতাংশ চিংড়ি বিদেশে রফতানি করা হয়। এর ৩৫ শতাংশই যায় আমেরিকায়। এই রফতানি থেকে রাজ্যটির প্রায় ২১ থেকে ২৫ হাজার কোটি টাকা আয় হয়। কিন্তু ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর বহু রফতানির অর্ডার বাতিল হয়ে যাওয়ায় এই বিশাল অঙ্কের আয়ে ভাটা পড়েছে, যার ফলে লক্ষ লক্ষ পরিবারের জীবন-জীবিকা সংকটে পড়েছে।
রাজ্য সরকার যদিও এই সমস্যার সমাধানে কিছু পদক্ষেপ নিয়েছে, যেমন প্রতি কেজি চিংড়ির দাম ৯ টাকা কমানো এবং বিদ্যুতের খরচ কমানোর জন্য ভর্তুকি বাড়ানো। কিন্তু শুধু রাজ্যের পক্ষে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। তাই মুখ্যমন্ত্রী নাইডু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং মৎস্যমন্ত্রী রাজীবরঞ্জন সিংহকে চিঠি লিখে চিংড়ি উৎপাদনে জিএসটি ছাড়, চাষিদের জন্য আর্থিক প্যাকেজ এবং ১০০ কোটি টাকার তহবিল তৈরির দাবি জানিয়েছেন।