ম্যাট্রিমোনিয়াল সাইটে আইপিএস অফিসার সেজে প্রতারণা, ধরা পড়ল ‘বাস্তবের রিকি বহেল’

‘লেডিজ ভার্সেস রিকি বহেল’ সিনেমার প্লট যেন বাস্তবে। ম্যাট্রিমোনিয়াল সাইটে নিজেকে আইএএস বা আইপিএস অফিসার পরিচয় দিয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে কানপুর পুলিশ বিষ্ণু শঙ্কর হুপ্ত (৪২) নামে এক কনম্যানকে গ্রেফতার করেছে। তার স্ত্রী আয়ুশী গুপ্ত (৩৩)-ও এই প্রতারণার কাজে তাকে সহযোগিতা করত।

কীভাবে চলত প্রতারণা?
পুলিশ সূত্রে জানা গেছে, বিষ্ণু নিজেকে বিচারক হিসেবে পরিচয় দিয়ে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে ভুয়া প্রোফাইল তৈরি করে। সেখান থেকে সে কানপুরের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটির একজন নার্সিং অফিসারের সঙ্গে যোগাযোগ করে। বিলাসবহুল গাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সে ওই মহিলার কাছ থেকে প্রায় ৫৯.৫০ লক্ষ টাকা হাতিয়ে নেয়।

অভিযোগকারিণী জানান, একটি ভুয়া নম্বর প্লেট লাগানো গাড়িতে বসিয়ে বিষ্ণু তার কাছ থেকে নগদ টাকা নেয়। এরপর সিনেমা হলে বসিয়ে রেখে সে পালিয়ে যায়। পুলিশ ৩৮০টিরও বেশি সিসিটিভি ফুটেজ এবং কল রেকর্ডিং খতিয়ে দেখে বিষ্ণুকে শনাক্ত করে।

একাধিক প্রতারণার শিকার
তদন্তে জানা গেছে, বিষ্ণু তার স্ত্রী আয়ুশী সহ ১০ জনেরও বেশি মহিলাকে একইভাবে প্রতারণা করে। এমনকি তার স্ত্রী আয়ুশীকেও সে একই ভাবে ঠকিয়ে বিয়ে করেছিল। পুলিশ যখন তাদের দুজনকে আটক করতে যায়, তখন আয়ুশী পুলিশের উপর কুকুর ছেড়ে দেয়। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে তারা দুজনেই নিজেদের অপরাধের কথা স্বীকার করে নেয়। পুলিশ বিষ্ণুর বাড়ি থেকে প্রায় ৪২.৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে। বর্তমানে বিষ্ণু এবং আয়ুশী দুজনেই আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশ হেফাজতে আছেন।