ছাত্রীকে কুপ্রস্তাব, শিক্ষকের মাথা ফাটালো ক্ষুব্ধ পড়ুয়ারা, উত্তেজনা স্কুলে

উত্তর ২৪ পরগনার হেলেঞ্চা হাই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে অশালীন প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার স্কুলের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা, যা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত শিক্ষক, বিজয়কুমার বিশ্বাসকে মারধর করা হয় এবং পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনাটি ঘটে একাদশ শ্রেণির পরীক্ষার সময়। এক ছাত্রী মোবাইল নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ে যায়। অভিযুক্ত শিক্ষক তার মোবাইলটি কেড়ে নেন। পরে ছাত্রীটি মোবাইল ফেরত চাইতে গেলে শিক্ষক তাকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। ছাত্রীটি বাড়ি ফিরে তার পরিবারের কাছে এই বিষয়টি জানায়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভানেত্রী প্রতিভা রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ছাত্রীর মায়ের কাছ থেকে অভিযোগ পেয়েছি যে তার মেয়েকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। এর প্রতিবাদে ছাত্রছাত্রীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং শিক্ষককে মারধর করে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং চারটি সেলাই পড়েছে।” তিনি আরও জানান যে অভিযোগের তদন্ত করা হবে এবং সত্য ঘটনা বেরিয়ে আসবে।
বিক্ষোভকারী এক ছাত্রী জানায়, “আমাদের সহপাঠীকে ওই শিক্ষক কুপ্রস্তাব দিয়েছিলেন। এর প্রতিবাদে আমরা রাস্তা অবরোধ করেছিলাম। আমরা চাই ওই শিক্ষকের কঠোর শাস্তি হোক।” এই ঘটনায় অভিভাবকরাও নিন্দা প্রকাশ করেছেন এবং অভিযুক্ত শিক্ষককে আর স্কুলে যোগ না দিতে দেওয়ার আর্জি জানিয়েছেন। বাগদা থানার এক আধিকারিক জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।