নেশা নাকি ঘুমের ওষুধ? যাদবপুরে ছাত্রী মৃত্যুতে জটিল রহস্য, কি বলছে সহপাঠীরা?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফেস্ট চলাকালীন ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যু ঘিরে ক্রমেই রহস্য দানা বাঁধছে। বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ছাত্রীর মৃত্যুর কারণ নিয়ে একাধিক তথ্য সামনে আসছে, যা পুলিশকে বিভ্রান্ত করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর সম্ভাব্য দুটি কারণ সামনে এসেছে। একটি মতে, ওই ছাত্রী অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। এরপর তিনি ক্যাম্পাসের ঝিলে ঝাঁপ দেন। অন্যদিকে, বন্ধুদের একটি অংশ দাবি করছে, ঘটনার দিন তিনি অতিরিক্ত নেশাগ্রস্ত ছিলেন। নেশার ঘোরে ভারসাম্য হারিয়ে তিনি পুকুরে পড়ে যান এবং এরপরই তাঁর এই পরিণতি হয়।

ঠিক কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ মৃতার বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করছে এবং সব দিক খতিয়ে দেখছে। এই ঘটনা কি নিছক দুর্ঘটনা, নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে— তা জানতে অপেক্ষা করতে হবে ফরেনসিক রিপোর্ট এবং পুলিশের চূড়ান্ত তদন্তের জন্য। যাদবপুর ক্যাম্পাসে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন উঠে আসছে।