হাওড়ার দাশনগরে রণক্ষেত্র, মনোজ তিওয়ারির নেতৃত্বে শমীক ভট্টাচার্যের গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ

বৃহস্পতিবার সকাল থেকেই রাজনৈতিক সংঘাতের সাক্ষী হলো হাওড়ার দাশনগর। ‘নরেন্দ্র কাপ’ নামে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রণক্ষেত্রের আকার ধারণ করে গোটা এলাকা। এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacherjee), আর তাঁর আগেই সেখানে তীব্র বিক্ষোভ শুরু করেন তৃণমূল বিধায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি এবং তাঁর অনুগামীরা।
দাশনগরের ‘আরতি কটন মিল’-এর মাঠে আয়োজিত হয়েছিল এই ফুটবল টুর্নামেন্ট। কিন্তু এই মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ এবং এখানকার শ্রমিকরা তাদের বকেয়া বেতন ও বোনাস পাননি। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সত্ত্বেও মিলটি পুনরায় চালু করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে যখন মিলের মাঠে খেলার আয়োজন করা হয়, তখন শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে মনোজ তিওয়ারির নেতৃত্বে সেখানে বিক্ষোভ মঞ্চ তৈরি হয়।
মনোজ তিওয়ারি বলেন, “মিলের মাঠে খেলা হবে, অথচ শ্রমিকদের অধিকার অস্বীকার করা হবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শ্রমিকদের কণ্ঠস্বর আমরা আজ এখানে তুলে ধরেছি।”
শমীক ভট্টাচার্যের গাড়ি যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন তৃণমূল কর্মীরা তার গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ শুরু করে। ‘শ্রমিকদের স্বার্থ ফিরিয়ে দাও’ এবং ‘বন্ধ কারখানা চালু করতে হবে’—এমন নানা স্লোগান দিতে থাকেন তারা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি শুরু হয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে শমীক ভট্টাচার্যকে কোনোরকমে ঘটনাস্থল থেকে বের করে আনা হয়।
এই ঘটনাকে ঘিরে শুধু দাশনগর নয়, সমগ্র শিবপুর বিধানসভা কেন্দ্রজুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।