বলিউডে পা রাখতে চলেছেন ‘মানিকে মাগে হিতে’ খ্যাত ইয়োহানি

‘মানিকে মাগে হিতে’ গানটি শোনেননি এমন মানুষ এই উপমহাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন পর্যন্ত গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছিলেন। এই গান গেয়ে রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি সিলভা। গানটি এবার তাকে দিল বলিউডে পা রখার সুযোগ। তথ্যটি উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে।
বি-টাউনের তারকা অজয় দেবগন ‘থ্যাঙ্ক গড’ নামে একটি চলচ্চিত্রে কাজ করছেন। এই সিনেমায় হিন্দি ভাষায় মানিকে ম্যাগি হিতে গাইবেন ইয়োহানি। এরইমধ্যে গানটির হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে ইয়োহানি বলেন, হিন্দি ভাষা শেখা আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল। হিন্দি গান আমি অনেক শুনেছি। ছোটবেলা থেকেই শুনি। কিন্তু কোনো সিনেমার জন্য গান গাওয়া সম্পূর্ণ আলাদা বিষয়। সেখানে আমাকে একজন অভিনেত্রীর গলায় গাইতে হবে। উচ্চারণ, গলার ভঙ্গি, টান- সব ঠিকঠাক রাখতে হবে। এর আগে আমি এই কাজ কখনো করিনি।

ইয়োহানি গানটি গেয়েছেন তনিষ্ক বাগচীর সংগীতে। তনিষ্ক জানিয়েছেন, হিন্দিতে গাওয়া ইয়োহানির জন্য খুব একটা সহজ ছিল না। এ প্রসঙ্গে তিনি বলেন, ইয়োহানির প্রতিভার কোনো তুলনা হয় না। হিন্দিতে তার গানটি নতুন মাত্রা পেয়েছে। তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো।

জানা গেছে, অজয় দেবগন অভিনীত ‘থ্যাঙ্ক গড’ সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের অক্টোবর মাসে। এতে আরও অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্র, রকুল প্রীত সিং প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *