গণধর্ষণের শিকার তরুণী, জন্মদিনের পার্টিতে বন্ধুদের নারকীয় অত্যাচারে তোলপাড় হরিদেবপুর

আবারও প্রশ্নের মুখে শহরের নারী নিরাপত্তা। এবার হরিদেবপুরে এক জন্মদিনের পার্টিতে গণধর্ষণের শিকার হলেন ২০ বছরের এক তরুণী। শুক্রবার রাতে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে এই নারকীয় অত্যাচারের শিকার হন তিনি। ইতিমধ্যেই হরিদেবপুর থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দুই যুবক এখনও পলাতক। তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে এবং তাদের খোঁজে জোরদার তল্লাশি শুরু হয়েছে।
কী ঘটেছিল সেই রাতে?
তরুণীর অভিযোগ অনুযায়ী, জন্মদিনের পার্টি চলাকালীন এক বন্ধু তাঁকে অন্য এক যুবকের বাড়িতে নিয়ে যায়। সেখানেই ওই দুই যুবক তাঁকে গণধর্ষণ করে। শুধু তাই নয়, ধর্ষণের পর দীর্ঘক্ষণ ধরে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেছেন তিনি। কোনোমতে ওই বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি পরিবারের সদস্যদের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন। এরপর পরিবারের সঙ্গে সরাসরি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
পুলিশ তরুণী এবং তাঁর পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করছে। একইসঙ্গে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
শহরের বুকে এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। কয়েকদিন আগেই কসবার একটি নামী ল কলেজে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় মূল অভিযুক্তসহ বাকিদের গ্রেফতার করেছিল পুলিশ। তারও আগে আর জি কর হাসপাতালে একই ধরনের ঘটনা ঘটেছিল। একের পর এক এমন ঘটনা শহরের নারী নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে