করম পুজো থেকে ফিরেই শুরু বচসা, কুড়ুলের কোপে স্ত্রীকে খুন করল স্বামী! চাঞ্চল্য জলপাইগুড়িতে

করম পুজো থেকে ফেরার পথে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হওয়া বচসার মর্মান্তিক পরিণতি ঘটল। স্ত্রীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির রামশাই বাজার এলাকায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী রাজকুমার ওঁরাও পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার নাম প্রমিলা ওঁরাও। বৃহস্পতিবার সকালে স্বামী রাজকুমার ওঁরাওয়ের সঙ্গে তিনি করম পুজোর মেলায় গিয়েছিলেন। মেলা থেকে ফেরার পর হঠাৎই কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বচসা শুরু হয়। অভিযোগ, এই ঝগড়ার এক পর্যায়ে রাজকুমার তার হাতে থাকা কুড়ুল দিয়ে প্রমিলাকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে।
প্রমিলার আর্তনাদ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরিস্থিতি খারাপ দেখে রাজকুমার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রমিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং রাজকুমারের খোঁজে তল্লাশি শুরু করেছে।