সত্যি কি বন্ধ হচ্ছে রেস্তোরাঁ? শিল্পা বললেন, ‘একটি অধ্যায় শেষে শুরু নতুন দুই গল্পের…’,

সম্প্রতি শিল্পা শেট্টির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তোলপাড় শুরু হয়েছিল। তাঁর রেস্তোরাঁ ‘বাস্তিয়ান বান্দ্রা’ বন্ধ করার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন, আর্থিক জালিয়াতির অভিযোগের পরেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শিল্পা নিজেই আসল সত্য প্রকাশ করেছেন।

শিল্পা তাঁর পোস্টে লিখেছিলেন, “এই বৃহস্পতিবার একটি যুগের সমাপ্তি ঘটতে চলেছে। আমরা বিদায় জানাতে চলেছি বাস্তিয়ান বান্দ্রাকে।” এই পোস্ট দেখে সবাই মনে করে, তার রেস্তোরাঁর ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই শিল্পা আরও একটি ভিডিও পোস্ট করে বলেন, “কাল থেকে হাজার হাজার ফোন এসেছে। আমার রেস্তোরাঁকে কত মানুষ ভালোবাসে, তার প্রমাণ এটি।”

ভিডিওতে শিল্পা জানান, ‘বাস্তিয়ান বান্দ্রা’ বন্ধ হচ্ছে ঠিকই, কিন্তু তার বদলে দুটি নতুন রেস্তোরাঁ শুরু হতে চলেছে। একটির নাম ‘আম্মাকাই’, যা বেঙ্গালুরুর খাঁটি দক্ষিণী খাবার পরিবেশন করবে। এটি অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে খুলবে। আরেকটি হল ‘বাস্তিয়ান বিচ ক্লাব’, যা জুহুতে চালু হবে। শিল্পার কথায়, “একটি গল্পের শেষে শুরু হতে চলেছে নতুন দুটি উপন্যাস।” নতুন ইনিংস শুরু করতে পেরে তিনি ভীষণ খুশি।

উল্লেখ্য, কিছু দিন আগেই এক ব্যবসায়ী শিল্পা ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছিলেন। যদিও এই দম্পতি এটিকে ‘সাজানো ঘটনা’ বলে দাবি করেছিলেন। এরপরেই রাজ কুন্দ্রা তাঁর কিডনি দান করার প্রস্তাব দিয়ে আরও একবার আলোচনায় আসেন, যাকে অনেকে বিতর্ক এড়ানোর কৌশল হিসেবেই দেখছেন।