‘ব্রাত্যকে ফেলে পেটাতাম,’ ভারতীয় সেনাকে পাক বাহিনীর সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ অর্জুন সিং

ভারতীয় সেনাকে ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর এই মন্তব্যের জেরে এবার সরাসরি আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সংবাদমাধ্যমকে অর্জুন বলেন, “আমি যদি বিধানসভায় থাকতাম, তাহলে ব্রাত্য বসুকে বিধানসভার মধ্যে ফেলে পেটাতাম। দেশের বিরুদ্ধে কথা বলে কী করে পার পেয়ে যায়, তা দেখে নিতাম।”
গত ১ সেপ্টেম্বর কলকাতা শহরের মেয়ো রোডে তৃণমূল কংগ্রেসের একটি আন্দোলন মঞ্চ ভেঙে দেয় ভারতীয় সেনা। এরপর বিধানসভার বিশেষ অধিবেশনে ব্রাত্য বসু মন্তব্য করেন, “যখন সেনাবাহিনী আমাদের আন্দোলন মঞ্চ ভেঙে দিল, তখন ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকা শহরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলি করে হত্যার ঘটনার কথা মনে পড়ছিল।”
ব্রাত্য বসুর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে অর্জুন সিং বলেন, “বাংলাদেশের সঙ্গে এভাবে ভারতের তুলনা করা ঠিক নয়, কারণ বাংলাদেশের জন্মই দিয়েছে ভারত।”
মঞ্চ বিতর্কের শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে। মঞ্চ ভাঙার খবর পেয়ে মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযোগ করেন, কেন্দ্রের বিজেপি সরকার তাদের রাজনৈতিক স্বার্থে ভারতীয় সেনাকে ব্যবহার করছে। তিনি আরও বলেন, “প্রায় ২০০-র মতো আর্মি আমাকে দেখে ছুটে পালাচ্ছিল।”
তবে এই বিষয়ে ভারতীয় সেনা তাদের অবস্থান স্পষ্ট করেছে। সেনার তরফ থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওই মঞ্চের অনুমতি ছিল ৩১ অগাস্ট পর্যন্ত। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও মঞ্চটি ছিল। তাই কলকাতা পুলিশকে জানিয়ে তারা মঞ্চটি খুলে দেয়। সেনার দাবি, মঞ্চের জন্য মাত্র দু’দিনের অনুমতি থাকলেও তৃণমূল সেখানে পুরো মাসজুড়ে কর্মসূচি পালন করেছে। এই বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ নেওয়া হয়।