পারমাণবিক বোমা তৈরি থেকে মাত্র এক ধাপ দূরে ছিল ইরান, বিস্ফোরক দাবি IAEA-এর

পরমাণু বোমা তৈরির থেকে মাত্র এক ধাপ দূরে ছিল ইরান। এমনটাই চাঞ্চল্যকর দাবি করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA (International Atomic Energy Agency)। এক সাম্প্রতিক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, ১৩ জুন ইসরায়েলের সামরিক হামলার ঠিক আগে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদকে ‘অস্ত্র-গ্রেড’-এর খুব কাছাকাছি স্তরে নিয়ে গিয়েছিল, যা চরম উদ্বেগের কারণ।
IAEA-এর বিস্ফোরক রিপোর্ট
ভিয়েনা-ভিত্তিক IAEA-এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ জুন পর্যন্ত ইরানের কাছে ৪৪০.৯ কেজি ইউরেনিয়াম ৬০% পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছিল। এটি মে মাসের তুলনায় প্রায় ৩২.৩ কেজি বেশি। এই দাবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পারমাণবিক বোমা তৈরির জন্য ৯০% সমৃদ্ধকরণ প্রয়োজন, এবং ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম ৯০%-এ নিয়ে যাওয়া খুব দ্রুত সম্ভব।
সংস্থাটি আরও জানায়, এই তথ্যগুলো ইরানের দেওয়া তথ্য, ১৭ মে থেকে ১২ জুনের মধ্যে করা তদন্ত এবং অতীতের কার্যকলাপের উপর ভিত্তি করে তৈরি। যুদ্ধের পর, ক্ষতিগ্রস্ত পারমাণবিক কেন্দ্রগুলোতে এখনও তদন্ত পুনরায় শুরু করা যায়নি। কেবল বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করা গেছে, যা রাশিয়ার সহায়তায় পরিচালিত হয়।
আইএইএ প্রধানের কড়া বার্তা
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি স্পষ্ট করে বলেছেন, সম্পূর্ণ পরিদর্শন পুনরায় শুরু করার জন্য অবিলম্বে প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তিনি বলেন, নিরাপত্তার কারণে যুদ্ধের সময় পরিদর্শকদের ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু এরপর ইরানের সহযোগিতা বন্ধ করে দেওয়া ‘গুরুতর এবং দুঃখজনক’।
IAEA সতর্ক করেছে যে, মাত্র ৪২ কিলোগ্রাম ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট, যদি তা ৯০% এ উন্নীত করা হয়। সংস্থার মতে, দুই মাসেরও বেশি সময় ধরে ইরানের হাতে থাকা এই বিপজ্জনক মজুদের কোনো স্বাধীন পরিদর্শন করা হয়নি, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয়।