পুজোর বাকি মাত্র ২৩ দিন, দুর্গাপুজোয় ঝমঝমিয়ে বৃষ্টি? জেনেনিন কেমন থাকবে আবহাওয়া

আর মাত্র হাতে গোনা কটা দিন, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। কিন্তু আকাশে শরতের পেঁজা তুলোর মেঘের বদলে থমকে আছে ঘন কালো মেঘ। একের পর এক নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ভাসছে বাংলা। এই পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবার পুজোও কাটবে ছাতা মাথায় দিয়ে? আবহাওয়া অফিসের পূর্বাভাস মন খারাপ করে দিচ্ছে উৎসবপ্রেমী বাঙালির।

পুজোয় বৃষ্টির আশঙ্কা কতটা?

 

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূর্ব ভারতের দক্ষিণবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরবঙ্গ, সিকিমে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। যেহেতু ষষ্ঠী থেকে পুজো শুরু হচ্ছে, তাই এই পূর্বাভাসে পুজোর সময় বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। সাধারণত, রাজ্যে অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত মৌসুমি বায়ু সক্রিয় থাকে। এবারও তেমনটাই থাকার সম্ভাবনা। ফলে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। তবে ষষ্ঠী থেকে দশমীর মধ্যে ঠিক কেমন বৃষ্টি হবে, তা এখনই বলা সম্ভব নয়।

আজ এবং আগামী কয়েক দিনের আবহাওয়া

দক্ষিণবঙ্গ: বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিসহ একাধিক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবারও আবহাওয়ার তেমন কোনো উন্নতির সম্ভাবনা নেই। তবে শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। কিন্তু রেহাই মিলবে মনে করার কারণ নেই, কারণ সোমবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

উত্তরবঙ্গ: বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। শুক্রবার ও শনিবারও বৃষ্টির পরিমাণ কম থাকবে। তবে রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে রবিবার ও সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।