দোকানের সামনে পড়ে পাকিস্তানের নোট! তীব্র চাঞ্চল্য রানিরহাটে, কোথা থেকে এল এই নোট?

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জে এবার উদ্ধার হলো পাকিস্তানি রুপি (PKR)। এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে যেমন উদ্বেগ ছড়িয়েছে, তেমনই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। প্রশ্ন উঠেছে, কীভাবে দেশের সীমান্ত লাগোয়া অঞ্চলে এই বিদেশি মুদ্রা এলো?
কী ঘটেছে?
ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জের রানিরহাট বাজারে। গতকাল রাতে বাজারের এক দোকানদার প্রফুল্ল রায় তাঁর দোকানের সামনে একটি ১০০ রুপির এবং একটি ১০ রুপির পাকিস্তানি নোট দেখতে পান। প্রাথমিকভাবে বিষয়টি গোপন রাখলেও, সকালে তিনি এলাকার অন্যান্যদের জানালে খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে।
কোথা থেকে এলো এই নোট?
আশঙ্কা করা হচ্ছে, এই নোট কোনোভাবে অনুপ্রবেশকারীর হাত থেকে পড়েছে। চ্যাংড়াবান্ধায় মানি এক্সচেঞ্জ কাউন্টার থাকলেও, সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন যে তারা পাকিস্তানি মুদ্রা বিনিময় করেন না। ফলে এই নোটের উৎস নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।
দোকানদার প্রফুল্ল রায় জানান, “কাল রাতে আমি দোকানে এসে দেখি, দোকানের সামনে টাকা পড়ে রয়েছে। তুলে দেখি, সেগুলো আমাদের দেশের মুদ্রা নয়। খোঁজ নিয়ে জানতে পারি, একটি পাকিস্তানের মুদ্রা।” তিনি বলেন, “কারোর কাছ থেকে হয়তো পড়ে গেছে, তবে ঠিক কী হয়েছে তা বুঝতে পারছি না।” বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়েছে।
বর্তমানে প্রশাসন এই ঘটনার তদন্ত শুরু করেছে। সীমান্ত সুরক্ষা এবং সম্ভাব্য অনুপ্রবেশের মতো বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। পাকিস্তানের ১ রুপির মূল্য ভারতের ০.৩১ পয়সা। অর্থাৎ, এই উদ্ধার হওয়া মুদ্রার আর্থিক মূল্য খুব বেশি না হলেও, এর পেছনে লুকিয়ে থাকা রহস্যের কারণে প্রশাসন ও সাধারণ মানুষ উভয়ই উদ্বিগ্ন।