“বিশ্বের ক্ষুদ্রতম চিপ ভারতেই তৈরি হবে”, প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে চাঙ্গা দেশের প্রযুক্তি শিল্প

ভারত শুধু সফটওয়্যারেই নয়, এবার হার্ডওয়্যারেও বিশ্বকে নেতৃত্ব দেবে। মঙ্গলবার ‘সেমিকন ইন্ডিয়া ২০২৫’ সম্মেলনের উদ্বোধন করে এই কথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এমন দিন আর বেশি দূরে নয়, যখন বিশ্বের সবচেয়ে ছোট এবং সবচেয়ে শক্তিশালী চিপ ভারতেই তৈরি হবে। এই চিপগুলিই ভবিষ্যতে বিশ্বকে আমূল বদলে দেবে।
প্রধানমন্ত্রীর হাতে ‘VIKRAM3201’ চিপ
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হিসেবে প্রধানমন্ত্রী মোদীর হাতে দেশের প্রথম সেমিকন্ডাক্টর চিপ ‘VIKRAM3201’ তুলে দেন কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই চিপটি তৈরি করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) সেমিকন্ডাক্টর ল্যাব। এটি ভারতের প্রযুক্তিগত সাফল্যের এক নতুন দৃষ্টান্ত।
অর্থনৈতিক সংকটকে বুড়ো আঙুল!
প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের প্রথম পর্যায়ের ১০টি প্রকল্পের কাজ প্রায় শেষের পথে। এই প্রকল্পগুলোতে মোট ১৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে। তিনি আরও জানান, ভারত ১ ট্রিলিয়ন ডলারের আন্তর্জাতিক চিপ বাজার ধরতে প্রস্তুত।
আন্তর্জাতিক অর্থনৈতিক সংকটের আবহেও ভারতের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে মোদী বলেন, “অর্থনৈতিক স্বার্থপরতার কারণে যখন বিশ্বজুড়ে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তখন চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের জিডিপি (GDP) ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভারত সব হিসেবনিকেশকে ছাপিয়ে ভালো ফল করেছে।”
‘ডিজিটাল হিরে’ এখন ভারতের লক্ষ্য
তেলের সঙ্গে চিপের তুলনা টেনে প্রধানমন্ত্রী বলেন, “তেলকে যদি ‘কালো সোনা’ বলা হয়, তবে চিপ হলো ‘ডিজিটাল হিরে’। গত শতকে পৃথিবীকে গড়েছিল তেল, আর একুশ শতকের সব শক্তি লুকিয়ে আছে একটি ছোট্ট চিপের মধ্যে।” তিনি আরও বলেন, আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর বাজার ইতিমধ্যেই ৬০০ বিলিয়ন ডলার ছুঁয়েছে, যা আগামী বছরগুলোতে ১ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই বাজারের একটি উল্লেখযোগ্য অংশ ভারত দখল করবে বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন।
এই তিন দিনের ‘সেমিকন ইন্ডিয়া ২০২৫’ সম্মেলনে বিশ্বের প্রায় ৫০টি দেশ থেকে সেমিকন্ডাক্টর ক্ষেত্রের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, বিশ্ব ভারতকে বিশ্বাস করে এবং ভারতের সঙ্গে সেমিকন্ডাক্টরের ভবিষ্যৎ গড়তে প্রস্তুত।