ছাতা সারাই করতে এসে ধরা পড়ল বাংলাদেশি, চাঞ্চল্য হরিদেবপুরে

হরিদেবপুর এলাকার বড় বাগান এলাকায় ছাতা সারাইকে কেন্দ্র করে বচসার জেরে এক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। অভিযুক্তের নাম দাউদ দারিয়া। তিনি গত সাত মাস ধরে ভারতে পরিচয়পত্র ছাড়াই বসবাস করছিলেন এবং ছাতা সারাইয়ের কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন বলে জানা গেছে।

কী ঘটেছিল?
ঘটনার সূত্রপাত হয় যখন ছাতা সারাই নিয়ে এক দোকানদারের সঙ্গে স্থানীয় এক ক্রেতার বচসা শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্রেতা ওই ব্যক্তিকে তাঁর পরিচয় এবং বাড়ি কোথায় জানতে চান। উত্তরে ওই ব্যক্তি জানান, তিনি বাংলাদেশ থেকে এসেছেন। এই কথা শুনেই স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা দ্রুত পুলিশকে খবর দেন। হরিদেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দাউদ দারিয়াকে আটক করে।

পরিচয়হীন অনুপ্রবেশ
জিজ্ঞাসাবাদে দাউদ দারিয়া পুলিশকে জানায়, সাত মাস আগে ১০ হাজার টাকার বিনিময়ে তিনি বনগাঁ সীমান্ত দিয়ে কোনো বৈধ পরিচয়পত্র ছাড়াই ভারতে প্রবেশ করেন। এরপর থেকে তিনি ঠাকুরপুকুর পাঁচ মসজিদের কাছে তিনজনের সঙ্গে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। তাঁর দুই সঙ্গী ইতিমধ্যেই চলে গেছেন এবং বর্তমানে তিনি একাই থাকছিলেন।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
দীর্ঘ সাত মাস ধরে একজন বিদেশি নাগরিকের এভাবে পরিচয়পত্রহীন অবস্থায় প্রকাশ্যে কাজ করা এবং বসবাস করা নিয়ে এলাকার মানুষজন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের প্রশ্ন, কীভাবে একজন বাংলাদেশি এত দিন ধরে পুলিশের নজর এড়িয়ে এই এলাকায় থাকতে পারলেন? এ ঘটনার পর সীমান্ত নিরাপত্তা এবং স্থানীয় প্রশাসনের নজরদারি ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।