আফগানিস্তানে ২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্প, ১৪০০ মৃত্যুর শোক কাটতে না কাটতেই নতুন আতঙ্ক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ফের কেঁপে উঠল মাটি। গত রবিবার রিখটার স্কেলে ৬.০ মাত্রার ভূমিকম্পে ১৪০০ জনের মৃত্যুর পর, মঙ্গলবার ফের ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যদিও এই নতুন কম্পনে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই, তবে বিধ্বস্ত এলাকার মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিধ্বংসী কম্পনের পর আরেক আঘাত

গত রবিবারের ভূমিকম্পে আফগানিস্তানের কুনার প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ভয়াবহ কম্পনের কেন্দ্রস্থল ছিল জালালাবাদ থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে। এতে ১৪০০-র বেশি মানুষ প্রাণ হারান এবং ৩,১০০-র বেশি মানুষ আহত হন। ভেঙে গিয়েছিল ৫,৪০০-এরও বেশি বাড়ি। সেই দুঃস্বপ্ন এখনও তাজা, মানুষ যখন শোক আর ধ্বংসস্তূপের মধ্যে নিজেদের খুঁজে ফিরছেন, তখনই মঙ্গলবার আবার কেঁপে উঠল সেই একই প্রদেশ।

কুনার প্রদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর মুখপাত্র এহসানউল্লাহ এহসান জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাতেই এই কম্পন অনুভূত হয়েছে। তবে নতুন করে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানিয়েছেন, অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও পৌঁছানো যাচ্ছে না এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন।

আন্তর্জাতিক মহল থেকে আফগানিস্তানের পাশে দাঁড়ানোর জন্য সাহায্যের হাত বাড়াচ্ছে বিভিন্ন দেশ। কিন্তু একের পর এক ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত আফগানিস্তানের ভবিষ্যৎ এখন গভীর সংকটে।