গোপন বিয়ের পর এবার নীরব বিচ্ছেদ, স্বামীর সঙ্গে সব ছবি মুছে দিলেন গায়িকা মোনালি ঠাকুর

গোপনে বিয়ে, গোপনে প্রেম – গায়িকা মোনালি ঠাকুরের ব্যক্তিগত জীবন বরাবরই রহস্যে মোড়া। ২০২০ সালে তিনি যখন জানান যে তিনি তিন বছর আগেই সুইজারল্যান্ডের মাইক রিজতের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন, তখন অবাক হয়েছিল সবাই। কিন্তু সেই দাম্পত্য জীবন এবার ভাঙনের মুখে। সম্প্রতি, মোনালি তাঁর ইনস্টাগ্রাম থেকে স্বামীর সঙ্গে সব ছবি মুছে ফেলেছেন এবং দুজনই দুজনকে আনফলো করে দিয়েছেন। এই ঘটনায় তাদের বিচ্ছেদের গুঞ্জন এখন বলিউডের বাতাসে ঘুরছে।
কী ঘটেছে মোনালির দাম্পত্য জীবনে?
মোনালির এক ঘনিষ্ঠ সূত্র জানায়, গত কয়েক বছরে মোনালি এবং মাইকের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। দীর্ঘ দূরত্বের এই সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। এই দূরত্বই তাদের দাম্পত্য জীবনের ভাঙনের মূল কারণ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মোনালির মায়ের মৃত্যুর পর এই ফাটল আরও স্পষ্ট হয়।
২০১৬ সালে তাঁদের প্রেম শুরু হয়েছিল। সেই বছর ক্রিসমাসের দিন মাইক, মোনালিকে মাইনাস ১০ ডিগ্রি ঠান্ডার মধ্যে তাদের প্রথম দেখা হওয়ার জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মোনালি এক সাক্ষাৎকারে মজা করে বলেছিলেন, “ঠান্ডায় এত কাঁপছিলাম যে বাধ্য হয়েই হ্যাঁ বলে দিয়েছিলাম।” এই রোম্যান্টিক গল্পের টুকরো ঝলক দেখা গিয়েছিল মোনালির ‘দিল কা ফিতুর’ গানেও, যা এখন মোনালি সরিয়ে দিয়েছেন।
সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্কের ইতি
মোনালি ও মাইক একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন। মাইক তার অ্যাকাউন্ট ব্যক্তিগত করে রেখেছেন, যা এই বিচ্ছেদের গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। সূত্রটি বলছে, সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের ইতি টানা মানেই যে কিছু একটা হয়েছে, তা স্পষ্ট। মোনালি হয়তো সঠিক সময়ের অপেক্ষা করছেন, যখন তিনি নিজে এ বিষয়ে মুখ খুলবেন। তিন বছর ধরে তাদের বিয়ের খবর গোপন রাখার পর, মোনালিই প্রথম ২০২০ সালে এই খবর প্রকাশ্যে এনেছিলেন। এখন দেখার বিষয়, বিচ্ছেদের খবরটি তিনি কবে নিশ্চিত করেন