ঐতিহাসিক বদল, উচ্চমাধ্যমিক সেমেস্টারে এবার ২ সেট প্রশ্নপত্র, কেন এমন সিদ্ধান্ত

আগামী সোমবার, ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তৃতীয় সেমেস্টারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবারই প্রথম সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় একাধিক নতুন নিয়ম নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে দুই সেট বিকল্প প্রশ্নপত্র রাখার সিদ্ধান্ত।
প্রশ্নপত্রে নতুন নিয়ম
এতদিন উচ্চমাধ্যমিকে কেবল একটি সেট প্রশ্নপত্র তৈরি করা হতো। কিন্তু এবার থেকে দুটি আলাদা সেট প্রশ্নপত্র থাকবে। সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে এই প্রথমবার বিকল্প প্রশ্নপত্র রাখা হয়েছে। যদি কোনো কারণে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটে, তাহলে বিকল্প প্রশ্নপত্র ব্যবহার করা হবে।
পরীক্ষায় পড়ুয়াদের সংখ্যা কমছে কেন?
২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষায় পাস করা ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৬ লক্ষ ৫৯ হাজার ৮৭৭ জন তৃতীয় সেমেস্টারের জন্য নাম নথিভুক্ত করেছে। অর্থাৎ, ১ লক্ষ ৫ হাজারের বেশি শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের প্রবেশ থেকে বাদ পড়েছে। এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর কমে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, গত বছর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার পর থেকে অনেকেই হয় পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, নয়তো পরীক্ষা দেয়নি।
পরীক্ষার অন্যান্য নিয়মাবলী
সময়সূচি: পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
পরীক্ষার ধরণ: এবার পরীক্ষা হবে ওএমআর শিটে, যা পুরোপুরি এমসিকিউ (MCQ) ভিত্তিক। প্র্যাকটিক্যাল থাকা বিষয়গুলিতে পরীক্ষা হবে ৩৫ নম্বরের এবং না থাকা বিষয়গুলিতে ৪০ নম্বরের। পাশ করার জন্য সাড়ে ১০ নম্বরের বেশি পেতে হবে।
কড়া নজরদারি: পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটর এবং অন্য কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ধরা পড়লে পুরো পরীক্ষা বাতিল করা হবে। এছাড়াও, পরীক্ষা চলাকালীন জরুরি কারণ ছাড়া কোনো পরীক্ষার্থীকে কক্ষ থেকে বের হতে দেওয়া হবে না।
নিরাপত্তা ব্যবস্থা: মোট ২১০৬টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১২২টি স্পর্শকাতর কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি এবং মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে।
সংসদ আশা করছে, অক্টোবর মাসের মধ্যেই তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ করা হবে। যদি কোনো শিক্ষার্থী এই সেমিস্টারে ফেল করে বা পরীক্ষা না দেয়, তবে চতুর্থ সেমিস্টারে সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে।