রাতে মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ, বন্ধ হচ্ছে বিশেষ পরিষেবা

কলকাতা মেট্রো রেল যাত্রীদের জন্য একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে। আগামী ৩ সেপ্টেম্বর, ২০২৫ থেকে ব্লু লাইনের বিশেষ এক্সপেরিমেন্টাল পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। এতদিন ধরে প্রতিদিন রাত ১০টা ৪০ মিনিটে দমদম থেকে শহীদ খুদিরাম পর্যন্ত যে বিশেষ মেট্রো চলাচল করত, তা আর চলবে না।
কেন বন্ধ হচ্ছে পরিষেবা?
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, কবি সুভাষ স্টেশনে পরিষেবা স্থগিত থাকায় একাধিক অপারেশনাল সমস্যা দেখা দিচ্ছিল। এই সমস্যা সমাধানের জন্য মেট্রো ট্রেন চলাচল নতুন করে সাজানো হচ্ছে। সেই কারণে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশেষ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মেট্রো কর্তৃপক্ষের আবেদন
মেট্রো কর্তৃপক্ষ এই আকস্মিক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সকলের সহযোগিতা কামনা করেছে। যদিও এই সিদ্ধান্তের ফলে রাতে বাড়ি ফেরা যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হবে, তবে মেট্রো রেলওয়ে জানিয়েছে যে, এটি একটি সাময়িক ব্যবস্থা।
উল্লেখ্য, সম্প্রতি মেট্রো যাত্রীর সংখ্যায় রেকর্ড বৃদ্ধি দেখা গেছে। গতকাল মোট ৮ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করেছেন, যার মধ্যে ৫ লক্ষ ৮৪ হাজার যাত্রী ছিলেন ব্লু লাইনে।