নাগরিকত্বের প্রমাণ নয় আধার, সুপ্রিম কোর্টের বড় মন্তব্য, কেন এই অবস্থান

আধার কার্ডকে নাগরিকত্বের একমাত্র প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। বিহারের ভোটার তালিকা সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই স্পষ্ট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড একটি নথি হতে পারে, কিন্তু এটিকে একমাত্র বা চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কী?
আধার আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী, আধার নম্বর বা এর যাচাইকরণ কখনোই নাগরিকত্ব বা বসবাসের প্রমাণ নয়। ২০১৮ সালে পাঁচ বিচারপতির একটি বেঞ্চও একই কথা বলেছিল।
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আধারকে যে মর্যাদা দেওয়া হয়েছে, আইন অনুযায়ী তার চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। ‘নাগরিকত্ব যাচাইয়ের জন্য অন্যান্য অনেক নথির মধ্যে আধার একটি নথি হতে পারে,’ আদালত এই মন্তব্য করেছে। একই সঙ্গে শীর্ষ আদালত এও স্পষ্ট করে দিয়েছে যে, আধারকে তারা কখনই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে সিলমোহর দেবে না।
কেন এই প্রশ্ন উঠল?
বিহারের ভোটার তালিকা নিবিড় সমীক্ষা (SIR) মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী সওয়াল করেন। তিনি জানান, ভোটার তালিকায় নাম তোলার জন্য আধারকে প্রমাণ হিসেবে ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু জেলায় আধার কার্ডের ব্যবহার অস্বাভাবিকভাবে ১৪০ শতাংশে পৌঁছেছে। তিনি আরও বলেন, কেন্দ্র সরকার অভিযোগ করেছে যে বহু বাংলাদেশি এবং রোহিঙ্গা অবৈধভাবে ভারতে প্রবেশ করে আধার কার্ড তৈরি করেছে।
এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট আধার কার্ডের ব্যবহার নিয়ে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করে এবং স্পষ্ট করে দেয় যে, আধার কখনোই নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হতে পারে না।