নিম্নচাপের জেরে কি এবার পুজো মাটি, পুজোর আগেই বড় আশঙ্কার কথা শোনাল মৌসম ভবন

দক্ষিণবঙ্গে বৃষ্টি যেন থামতেই চাইছে না! একের পর এক নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভিজছে বাংলা। আর মাত্র কয়েক দিন পরেই দুর্গাপুজো, তাই এখন সকলের মনে একটাই প্রশ্ন, বৃষ্টির হাত থেকে কি রেহাই মিলবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মৌসম ভবন কিন্তু খুব একটা সুখবর শোনাতে পারল না।
পুজোর সময় বৃষ্টি হবে? কী বলছে মৌসম ভবন?
আইএমডি (IMD)-র ডিরেক্টর জেনারেল ড. মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় যে দুর্গাপূজার সময় বৃষ্টি হবে কি না। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাঁর মতে, আগামী সাত দিনের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি দেখে এই বিষয়ে আরও নিশ্চিতভাবে কিছু বলা যাবে।
মহাপাত্র আরও বলেন, এই বছর সেপ্টেম্বর মাস জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিনি জানান, পশ্চিমবঙ্গ সহ পূর্ব ও উত্তর ভারতে এবার অতিরিক্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যদিও গত কয়েক দশকের প্রবণতা বলছে এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ কমছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের একটি নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। একটি ঘূর্ণাবর্ত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে এবং এটি ২ সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে মঙ্গলবার ও বুধবার রাজ্যের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ভারী বৃষ্টি চলবে। বুধবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও তার আশপাশের এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে সকলের মনে এখন একটাই চিন্তা, তাহলে কি এবার বৃষ্টির মধ্যেই প্যান্ডেলে ঘুরতে হবে?