‘ট্রাম্প কূটনীতি বোঝেন না’, ভারতের ওপর শুল্ক নীতি নিয়ে তীব্র সমালোচনা প্রাক্তন মার্কিন NSA-র

প্রাক্তন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন তার প্রাক্তন বস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। ট্রাম্পের শুল্ক নীতিকে আক্রমণ করে বোল্টন বলেছেন যে এই নীতি ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নষ্ট করেছে এবং চীনকে এশিয়ায় নিজেদের প্রভাব বাড়ানোর সুযোগ করে দিয়েছে।
বোল্টন তার এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে একাধিক পোস্টে ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ট্রাম্প শুল্কের মতো কৌশলগত বিষয় নিয়ে খেলতে গিয়ে নিজেদেরই ক্ষতি করছেন। বোল্টন দাবি করেন, দশকের পর দশক ধরে পশ্চিমা দেশগুলো রাশিয়া থেকে ভারতকে দূরে রাখার চেষ্টা করেছে এবং চীনের ক্রমবর্ধমান আগ্রাসন মোকাবিলায় ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। কিন্তু ট্রাম্পের শুল্ক নীতি সেই সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বোল্টনের মতে, ট্রাম্প কূটনীতি মোটেও বুঝতে পারেন না এবং তার এই দুর্বলতার সুযোগ নিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
জন বোল্টন ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। কিন্তু বিদেশ নীতি নিয়ে ট্রাম্পের সঙ্গে তীব্র মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেন। চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরই বোল্টনের এই মন্তব্য সামনে আসে।
বোল্টনের সমালোচনার ঠিক পরেই ট্রাম্প সোমবার দাবি করেছেন যে ভারত তাদের পণ্যের ওপর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, “আমরা ভারতের সবচেয়ে বড় ক্রেতা। কিন্তু ভারত আমাদের ওপর সবচেয়ে বেশি শুল্ক চাপিয়ে আসছে, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। এ কারণে আমরা ভারতে আমাদের পণ্য বিক্রি করতে পারি না।” ট্রাম্পের এই মন্তব্য এবং বোল্টনের সমালোচনা – দুটি ঘটনাই মার্কিন প্রশাসনকে অস্বস্তিতে ফেলেছে।