ভয়ানক কান্ড! নাবালিকা ছাত্রীদের জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা! নেপথ্যে কে? কেনই বা এই প্ল্যান?

স্কুল কর্তৃপক্ষের অনুমতি ও অভিভাবকদের অজ্ঞাতে নাবালিকা স্কুলছাত্রীদের জোর করে কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে শিলিগুড়িতে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এআইডিএসও (AIDSO)-র জেলা সভাপতি সহ মোট চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি গত রবিবার, ৩১ আগস্ট, বাগডোগরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের সামনে ঘটে। স্কুল ছুটি থাকা সত্ত্বেও ওইদিন ছাত্রীরা স্কুলের সামনে জড়ো হয়েছিল। স্থানীয়দের সন্দেহ হয় যখন তারা জানতে পারে যে, এআইডিএসও-র কর্মীরা তাদের একটি সমাবেশে যোগ দেওয়ার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অভিযোগ উঠেছে যে, এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবকদের কাছ থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি এবং একপ্রকার জোর করেই নাবালিকাদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছিল।
বাগডোগরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল কর্তৃপক্ষ এই ঘটনাকে অপহরণের চেষ্টা বলে উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে এআইডিএসও-র জেলা সভাপতি কল্লোল বাগচী, নমিতা দাস, দীপা বর্মন এবং প্রণয় মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতদের গতকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
এক ছাত্রীর অভিভাবক জানান, ছুটির দিনে মেয়েকে ইউনিফর্ম পরে স্কুলে যেতে দেখে তাঁর সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে দেখেন যে বেশিরভাগ অভিভাবকই এই বিষয়ে কিছুই জানেন না। অভিভাবকদের মতে, এটি একটি সুপরিকল্পিত অপহরণের চেষ্টা ছিল। পুলিশ বর্তমানে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে।