পুজোর মাসেই মাথায় হাত কৃষকদের! পাটের দাম বাড়লেও কেন আশাহত ঘাটালের চাষিরা?

লাগাতার বৃষ্টি এবং বন্যার কারণে ঘাটালে এখনও বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাটাল ব্লকের মনসুকা, দীর্ঘগ্রাম, কামারডাঙা, বন হরিসিংপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।
বন্যার কারণে প্রতি বছর ধানের ক্ষতি হওয়ায় এই এলাকার কৃষকরা পাট চাষে বেশি মনোযোগ দেন। এতে তারা লাভের মুখও দেখেন। কিন্তু এই বছর বন্যার কারণে বিঘের পর বিঘে পাট খেত নষ্ট হয়ে গেছে।
গত বছর যেখানে প্রতি কুইন্টাল পাটের দাম ছিল ৩-৪ হাজার টাকা, সেখানে এই বছর তা বেড়ে হয়েছে ৬-৭ হাজার টাকা। পাটের দাম বাড়লেও, বন্যার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা চরম ক্ষতির মুখে পড়েছেন। আসন্ন পুজোর মরশুমে এই ক্ষতি নিয়ে তারা গভীর দুশ্চিন্তায় রয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর জানিয়েছেন, পাট চাষিরা ইতিমধ্যেই তাঁদের কাছে ক্ষতিপূরণের আবেদন করেছেন এবং বিষয়টি কৃষি দফতরকেও জানানো হয়েছে।