Recipe: গরম ভাতে জমিয়ে খান ‘রুই মাছের কালিয়া’, বানিয়ে ফেলুন মাত্র ১৫ মিনিটে, শিখেনিন

রুই মাছের কালিয়া, নাম শুনলেই জিভে জল আসে। এই পদটি বাঙালি ভোজের এক অবিচ্ছেদ্য অংশ। বাড়িতে কোনো ছোটখাটো অনুষ্ঠান হোক বা সাধারণ দুপুরের খাবার, গরম ভাতের সঙ্গে রুই কালিয়া থাকলে আর কিছু লাগে না। সাধারণ ঝোলের থেকে এটি একটু ঘন ও মশলাদার হয়। মাত্র ১৫ মিনিটেই আপনি এই সুস্বাদু পদটি তৈরি করে ফেলতে পারবেন।
উপকরণ
রুই মাছ (বড় টুকরো): ১ কেজি
টক দই: ১ কাপ
হলুদ গুঁড়ো: ১ টেবিল চামচ
আদা বাটা: ১ টেবিল চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো: ২ টেবিল চামচ
রসুন বাটা: ১ টেবিল চামচ
ধনে গুঁড়ো: ১ টেবিল চামচ
চিনি: ১ টেবিল চামচ
জিরা বাটা: ১ চা চামচ
সর্ষের তেল: ১ কাপ
পেঁয়াজ বাটা: আধা কাপ
লবণ: স্বাদমতো
প্রস্তুত প্রণালী
১. প্রথমে রুই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। তেল, দই এবং চিনি বাদে বাকি সব মশলা দিয়ে মাছগুলো ভালো করে মেখে রাখুন।
২. একটি বড় কড়াইয়ে তেল গরম করে মশলা মাখানো মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।
৩. এর পর দই দিয়ে ধীরে ধীরে নাড়তে থাকুন, যেন মাছ ভেঙে না যায়। এই সময় সামান্য জল দিতে পারেন।
৪. মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে চিনি দিয়ে নেড়েচেড়ে হালকা আঁচে বসিয়ে রাখুন। কিছুক্ষণ পর মাছগুলো সাবধানে উল্টে দিন।
৫. যখন মাছের জল শুকিয়ে আসবে এবং মশলা ঘন হয়ে তেল উপরে উঠে আসবে, তখনই তৈরি আপনার সুস্বাদু রুই মাছের কালিয়া। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর উপভোগ করুন এই ক্লাসিক পদ।