‘মীরা যদি কাউকে ভালবেসে বাড়ি ছাড়ে, তখন কী করব?’ একরত্তি মেয়েকে না নিয়ে যা বললেন অহনা

ছোটপর্দার জনপ্রিয় মুখ অহনা দত্ত, যিনি ‘মিশকা’ নামেই বেশি পরিচিত, এবার মা হলেন। মাত্র ২১ বছর বয়সে এক ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ‘মীরা’। এই নামটি আসলে তার শাশুড়ির। মেয়ের জন্মের পর অহনার স্বামী দীপঙ্কর বলেছিলেন যে, তাদের জীবনে তার মা-ই আবার ফিরে এসেছেন। সেই বিশ্বাস থেকে অহনা এবং দীপঙ্কর মেয়ের এই নাম রেখেছেন।

মা হওয়ার পর থেকেই অহনা সামাজিক মাধ্যমে মেয়ের ছবি ও ভিডিও শেয়ার করছেন। সম্প্রতি, তার একটি ভিডিওতে কিছু নেতিবাচক মন্তব্য আসে। অনেকে লেখেন, “তুমি যেমন করেছ, তোমার মেয়েও তোমার সঙ্গে তেমনটাই করবে।” শনিবার একটি ভিডিওর মাধ্যমে অহনা এই সব মন্তব্যের কড়া জবাব দিয়েছেন।

তিনি বলেন, “যদি আমার মেয়ে আমার মতোই নিজের পছন্দের ছেলের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়, আমি তাকে ফোন করে তার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করব। কারণ আমি চাইব আমার মেয়েটি ভালো থাকুক। আমি কখনও তাকে বলব না যে, তুই যাচ্ছিস যা, গলার চেনটা খুলে রেখে যা। বরং যদি পরিবারের কেউ মারা যায় এবং আমার মেয়ে শেষ দেখা দেখতে চায়, আমি তাকে ঘরে ঢুকতে দেব।”

অহনার এই বক্তব্যে তার ব্যক্তিগত জীবনের এক পুরনো ঘটনার ইঙ্গিত পাওয়া যায়। নেটিজেনরা মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে তিনি তার মা চাঁদনী গাঙ্গুলির প্রতি নিজের চাপা ক্ষোভ প্রকাশ করেছেন।

মেয়ে মীরাকে নিয়ে অহনার দিন এখন বেশ ভালোই কাটছে। তিনি প্রায়ই মেয়ের খাওয়া, দুষ্টুমি এবং একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন।