‘সন্ত্রাসবাদকে খোলা মদত দিচ্ছে, আমরা মেনে নেব?’ SCO সামিটে পাকিস্তানকে একহাত নিলেন মোদী

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে পাকিস্তানের সামনেই সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ না করলেও তার বক্তব্য স্পষ্টভাবেই সন্ত্রাসবাদে মদত দেওয়া দেশগুলোকে লক্ষ্য করে ছিল। সম্মেলনে উপস্থিত অন্য দেশের নেতারাও ভারতের এই অবস্থানকে সমর্থন করেছেন।

সোমবার এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, “কিছু কিছু দেশ প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করছে। এটা কি মেনে নেওয়া যায়? সন্ত্রাসবাদ শুধু একটি দেশের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং গোটা মানবজাতির জন্য একটি বড় চ্যালেঞ্জ।” তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো ধরনের দ্বিমুখী নীতি চলবে না।

কাশ্মীরের পহেলগাঁওয়ে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে মোদী বলেন, “ভারত গত চার দশক ধরে সন্ত্রাসবাদের শিকার। সম্প্রতি আমরা পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদের সবচেয়ে ঘৃণ্য রূপ দেখেছি। আমরা আমাদের সন্তানদের হারিয়েছি। এই কঠিন সময়ে যারা ভারতের পাশে দাঁড়িয়েছেন, তাদের ধন্যবাদ।”

মোদী আরও বলেন, “এই ধরনের আক্রমণ মানবতার জন্য একটি খোলা চ্যালেঞ্জ। কিছু দেশের সন্ত্রাসবাদে প্রকাশ্য সমর্থন কি মেনে নেওয়া যায়? আমাদের সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করতে হবে। এটি মানবতার প্রতি আমাদের দায়িত্ব।”

প্রধানমন্ত্রী মোদী যখন এই কথাগুলো বলছিলেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও সেখানে উপস্থিত ছিলেন। তবে তিনি পুরো সময় নীরব ছিলেন।

প্রধানমন্ত্রী মোদী জানান, সন্ত্রাস দমনে ভারত এসসিও-র অধীনে আল-কায়েদা-সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগ – এই তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে ভারতের নীতি তৈরি হয়েছে। এই সম্মেলনে মোদীর বক্তব্য ভারতের দৃঢ় অবস্থানকে আবারও তুলে ধরেছে।