১০টি গাড়ি, দেড় কোটির গয়না! অভিযুক্তের বাড়িতে ‘গুপ্তধনের ভাণ্ডার’, দেখে চোখ কপালে ED-র

ব্যাংক ঋণ জালিয়াতির তদন্ত করতে গিয়ে এক অভিযুক্তের বাড়ি থেকে চোখ কপালে ওঠার মতো সম্পত্তি উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ওড়িশার ভুবনেশ্বরে শক্তিরঞ্জন দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ, বিলাসবহুল গাড়ি এবং গয়না বাজেয়াপ্ত করা হয়েছে।

ইডি সূত্রে জানা গেছে, মেসার্স ইন্ডিয়ান টেকনোম্যাক কোম্পানি লিমিটেড (আইটিসিওএল) নামের একটি প্রতিষ্ঠানের ১,৩৯৬ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় এই অভিযান চালানো হয়। অভিযোগ, ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে ওই সংস্থা ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বিশাল অঙ্কের এই ঋণ নিয়েছিল। পরে সেই টাকা একাধিক ভুয়া কোম্পানির মাধ্যমে অন্য খাতে সরিয়ে ফেলা হয়। এর আগে এই মামলার তদন্তে ইডি ৩১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, যার মধ্যে ২৮৯ কোটি টাকা ব্যাংককে ফেরত দেওয়া হয়।

শনিবার অভিযুক্ত ব্যবসায়ীর দুটি ঠিকানা এবং তার দুটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানে প্রায় ৭ কোটি টাকার ১০টি বিলাসবহুল গাড়ি ও ৩টি সুপারবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে আছে পোর্শে, মার্সিডিজ-বেঞ্জ জিএলসি, বিএমডব্লিউ এক্স৭, অডি এ৩, মিনি কুপার এবং একটি হোন্ডা গোল্ড উইং মোটরসাইকেল। এছাড়াও, ১.১২ কোটি টাকার গয়না, নগদ ১৩ লক্ষ টাকা এবং বিপুল স্থাবর সম্পত্তির নথিপত্রও উদ্ধার করা হয়েছে। এই বিশাল পরিমাণ সম্পত্তির উৎস খুঁজে বের করার চেষ্টা করছে ইডি।