টানা ১৬ ঘন্টা ডিউটি! ঘুমের ঘরে ট্রেন লাইনে পড়ে গেলেন নিরাপত্তারক্ষী, ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষুদ্ধ নেটদুনিয়া

বেঙ্গালুরুর রাঘিগুদ্দা মেট্রো স্টেশনে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। টানা ১৬ ঘণ্টা ডিউটি করার পর এক নিরাপত্তাকর্মী ক্লান্ত হয়ে মেট্রো লাইনে পড়ে যান। ভাগ্যক্রমে, ঘটনাস্থলে থাকা একজন যাত্রীর তৎপরতায় তিনি প্রাণে বাঁচেন। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ৫২ বছর বয়সী ওই নিরাপত্তাকর্মী চোখ বন্ধ করে ঘুমন্ত অবস্থায় হাঁটছেন। হঠাৎই তিনি প্ল্যাটফর্ম থেকে সরাসরি লাইনে পড়ে যান। সৌভাগ্যবশত, তখন লাইনে কোনো ট্রেন ছিল না। একজন যাত্রী দ্রুত তাঁকে উপরে টেনে তোলেন। এরপর আরেকজন নিরাপত্তাকর্মী জরুরি সুইচ টিপে লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

জানা গেছে, ওই কর্মীকে স্বল্প সময়ের বিরতি দিয়ে আবারও কাজে ডাকা হয়েছিল। অতিরিক্ত পরিশ্রমের কারণেই তিনি এত ক্লান্ত ছিলেন।

এই ঘটনার পর বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (BMRCL) ওই কর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা খতিয়ে দেখছে, কেন একজন কর্মীকে এত দীর্ঘ সময় ডিউটি করানো হলো। সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজারের কাছেও এই বিষয়ে জবাব চাওয়া হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অনেকে সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তা কর্মীদের প্রতি এই ধরনের অবহেলার তীব্র সমালোচনা করেন। একজন ব্যবহারকারী লেখেন, “নিরাপত্তা কর্মীদের কাজের সময় ৯ ঘণ্টা হওয়া উচিত এবং কমপক্ষে এক ঘণ্টার বিরতি দরকার। ১২ ঘণ্টার বেশি কাজ করানো অমানবিক।”

অন্য একজন মন্তব্য করেন, “ন্যূনতম মজুরির নিচে এবং দীর্ঘ সময় ধরে কাজ করা— এটাই আমাদের দেশের বহু শ্রমজীবী মানুষের বাস্তবতা। কিন্তু এসব কোনোদিন নির্বাচনের ইস্যু হয় না।” এই ঘটনাটি আবারও দেখিয়ে দিল যে, আমাদের দেশে অনেক কর্মীকে কতটা কঠিন পরিবেশে কাজ করতে হয়।