হাসপাতাল নির্মাণে দুর্নীতি! আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাসভবনে ইডির হানা

দুর্নীতির অভিযোগে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির জালে জড়িয়েছেন আম আদমি পার্টির (আপ) শীর্ষ নেতা ও দিল্লির প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। মঙ্গলবার সকালে তার বাড়িসহ মোট ১৩টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। অভিযোগ, দিল্লির হাসপাতাল নির্মাণ প্রকল্পে বড় ধরনের দুর্নীতি হয়েছে।

দিল্লিতে আপ সরকার ক্ষমতায় থাকাকালীন, ২০১৮-১৯ সালে ২৪টি হাসপাতাল তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। কথা ছিল ৬ মাসের মধ্যে এই হাসপাতালগুলোর নির্মাণ কাজ শেষ হবে। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। অথচ, এই প্রকল্পগুলোতে প্রায় ৮০০ কোটি টাকারও বেশি খরচ হয়েছে।

দিল্লি লোকনায়ক হাসপাতালের অবস্থা: ইডির দাবি অনুযায়ী, লোকনায়ক হাসপাতাল তৈরি করতে ৪৮৮ কোটি টাকা বরাদ্দ করা হলেও, খরচ হয়েছে ১,১৩৫ কোটি টাকারও বেশি।

অনিয়ম ও কারচুপি: তদন্তে দেখা গেছে, অনেক ক্ষেত্রে হাসপাতাল, আইসিইউ এবং পলিক্লিনিক নির্মাণে অযথা দেরি করা হয়েছে। বেশিরভাগ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হয়নি, কিন্তু খরচের পরিমাণ কয়েকশ কোটি টাকা বেড়ে গেছে।

গত জুন মাসে দুর্নীতি দমন শাখা (এসিবি) এই দুর্নীতির অভিযোগে সৌরভ ভরদ্বাজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিল। এই মামলায় দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের নামও উঠে এসেছিল। সেই মামলার ভিত্তিতেই ইডি আজ তল্লাশি অভিযান চালাচ্ছে।

২০২৪ সালের ২২শে আগস্ট তৎকালীন বিরোধী দলনেতা বিজেন্দ্র গুপ্ত এই বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি দাবি করেন, স্বাস্থ্য প্রকল্পের বাজেটে বড় ধরনের কারচুপি করা হয়েছে এবং বেসরকারি ঠিকাদারদের ব্যবহার করে তহবিলের অপব্যবহার করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতেই এখন ইডি এই তদন্ত শুরু করেছে।