পড়া না পারায় ঠাস করে চড়, রাগে শিক্ষককে গুলি করে দিল ক্লাস নাইনের ছাত্র

উত্তরাখণ্ডের কাশীপুরে একটি বেসরকারি স্কুলের ভেতরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বুধবার নবম শ্রেণির এক ছাত্র তার পদার্থবিদ্যার শিক্ষককে গুলি করে গুরুতর জখম করেছে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার সকালে শ্রী গুরুনানক সিনিয়র সেকেন্ডারি স্কুলে ক্লাস শেষ করে পদার্থবিদ্যার শিক্ষক গগনদীপ সিং কোহলি যখন বাইরে আসছিলেন, তখন নবম শ্রেণির ওই ছাত্রটি তার টিফিন বাক্স থেকে একটি দেশি পিস্তল বের করে পিছন থেকে গুলি চালায়। গুলিটি শিক্ষকের ডান কাঁধের নীচে লাগে। আহত শিক্ষককে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি এখন আইসিইউতে চিকিৎসাধীন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, কয়েকদিন আগে ওই ছাত্র ক্লাসে একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় শিক্ষক তাকে থাপ্পড় মেরেছিলেন। সেই ঘটনার পর থেকেই ছাত্রটি প্রচণ্ড রেগে ছিল এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। সেই রাগ থেকে সে টিফিন বাক্সে লুকিয়ে বন্দুক নিয়ে স্কুলে আসে।

গুলির শব্দ শুনে স্কুলের শিক্ষক ও কর্মচারীরা দ্রুত ছাত্রটিকে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে। বর্তমানে অভিযুক্ত ছাত্রটি পুলিশ হেফাজতে আছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শিক্ষকদের প্রতিবাদ
এই ঘটনার প্রতিবাদে উধম সিং নগর ইন্ডিপেন্ডেন্ট স্কুল অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে যে, বৃহস্পতিবার জেলার সব বেসরকারি স্কুল বন্ধ থাকবে। শিক্ষকরা এই দিনটিকে “কালো দিবস” হিসেবে পালন করবেন এবং শিক্ষক ও কর্মীদের সুরক্ষার জন্য আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থার দাবি জানাবেন। এই ঘটনা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তার অভাবকে আবার সামনে নিয়ে এসেছে।