লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ঢুকছে পুরুষের অ্যাকাউন্টে, ফের ধরা পড়লো অনিয়ম

রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ টাকা জমা পড়ছে এক মৃত মহিলার নামে, কিন্তু তা সরাসরি চলে যাচ্ছে একজন পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়।
বাদুড়িয়ার গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা বীথিকা দাস ছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা। দুই মাস আগে তার মৃত্যু হয়েছে। অবাক করার বিষয় হলো, মৃত্যুর পরেও তার নামে টাকা জমা হচ্ছে। কিন্তু আরও বড়ো সমস্যা হলো, এই টাকা তার অ্যাকাউন্টে না ঢুকে দেবাশিস বাছাড় নামে এলাকারই এক ব্যক্তির অ্যাকাউন্টে জমা হচ্ছে। জানা গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি মাত্র সংখ্যার ভুলের কারণে এমনটা হচ্ছে। বীথিকা দাসের অ্যাকাউন্টের শেষ সংখ্যা ‘৫’, কিন্তু ফর্মে ভুল করে ‘৬’ লেখা হয়েছিল, যার কারণে টাকা দেবাশিসের অ্যাকাউন্টে চলে যাচ্ছিল।
বীথিকা দাসের স্বামী অজয় দাস জানান, তার স্ত্রী জীবিত থাকাকালীনও এই টাকা পাননি। তিনি দু’বার বিডিও অফিসে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা পাননি। গত ৪৭ মাস ধরে দেবাশিস বাছাড় সেই টাকা তুলে নিচ্ছেন বলে অজয় অভিযোগ করেন।
তবে অভিযুক্ত দেবাশিস বাছাড় দাবি করেন, তিনি টাকা তুলে বীথিকা দাসকে দিয়েছেন এবং অ্যাকাউন্ট ঠিক করে নেওয়ার জন্যও বলেছিলেন। কিন্তু অজয় দাস সেই দাবি অস্বীকার করে বলেন, তিনি তার স্ত্রীর প্রাপ্য টাকা পাননি এবং মৃত্যুর পরেও যে টাকা দেবাশিসের অ্যাকাউন্টে ঢুকেছে, তা যেন সরকারকে ফিরিয়ে দেওয়া হয়।
এই বিষয়ে বাদুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক পার্থ হাজরা জানান, তিনি এই ঘটনা সম্পর্কে কিছু জানেন না, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা প্রশাসনের নজরদারির অভাব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।