প্রধানমন্ত্রী মোদীর সভা ঠিক কোথায়? কখন আসছেন PM? জেনেনিন বিস্তারিত তথ্য

দুর্গাপুজোর আগে পশ্চিমবঙ্গের জন্য এক বড় উপহার নিয়ে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল, বৃহস্পতিবার তিনি কলকাতা সফরে আসছেন এবং তিনটি নতুন মেট্রোপথের উদ্বোধন করবেন। এই সফর একই সঙ্গে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর কর্মসূচি

প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার বিকেল ৪টে ৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। এরপর তিনি সড়কপথে যশোহর রোড মেট্রো স্টেশনের দিকে যাবেন। সেখানে তিনি নিজেই উপস্থিত থেকে তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন। এরপর তিনি মেট্রো করে নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে যাত্রা করবেন। এরপর প্রধানমন্ত্রী দমদম সেন্ট্রাল জেলের মাঠে যাবেন। সেখানে প্রশাসনিক মঞ্চ থেকে সরকারি প্রকল্পের উদ্বোধন ও রাজনৈতিক সভা করবেন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তাঁর দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

কোন কোন মেট্রো রুটের উদ্বোধন হচ্ছে?

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল তিনটি নতুন মেট্রো রুটে যাত্রী পরিষেবা শুরু হবে। সেগুলি হলো:

  • শিয়ালদা – এসপ্ল্যানেড
  • বেলেঘাটা – হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)
  • নোয়াপাড়া – জয় হিন্দ (বিমানবন্দর)

এছাড়াও, প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ে-এরও উদ্বোধন করবেন।

রেল ও রাজনৈতিক গুরুত্ব

চলতি বছরের বাজেটে পশ্চিমবঙ্গ রেলের জন্য ১৩,৯৫ কোটি টাকা পেয়েছে। রাজ্যে রেল পরিষেবা উন্নত করতে ৮৩,৭৬৫ কোটি টাকার প্রকল্প এখন চলছে। বিজেপি সূত্রে খবর, বিধানসভা নির্বাচন সামনে থাকায় প্রধানমন্ত্রী এ বছর মোট ১০টি প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন, যার মধ্যে এই কলকাতা সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেছেন যে, রাজ্য সরকারের অসহযোগিতার কারণে ৪৩টি রেল প্রকল্প আটকে আছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী বাংলার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু রাজ্য সরকারের বিরোধিতার কারণে সাধারণ মানুষই বঞ্চিত হচ্ছেন।”

এসব কিছুর মধ্যেই দুর্গাপূজা আসার আগে কলকাতার মানুষ নতুন মেট্রো রুটের সুবিধা পেতে চলেছে, যা নিঃসন্দেহে তাদের জন্য একটি বড় খবর।